ভারত, কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত
পশ্চিমবঙ্গ, দিল্লি, আসাম, ত্রিপুরা, ঝাড়খন্ডসহ গোটা ভারতেই গতকাল সোমবার উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ ছাড়া কাতারেও মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে।শহীদ আবুল বরকতের জন্মভিটা মুর্শিদাবাদের বাবলা গ্রামে একুশ উপলক্ষে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। গত শনিবার মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী আনিসুর রহমান ও তপন চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কনসুলার আনিসুর রহমান। ‘আবুল বরকত কেন্দ্র’ এই মেলার আয়োজন করে। বাবলায় বরকত স্মৃতি সংঘও আয়োজন করে তিন দিনব্যাপী অনুষ্ঠান।গত রোববার বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস প্রাঙ্গণে একুশের প্রথম সূচনা করে ভাষা ও চেতনা সমিতি এবং নবজাগরণ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী ফারহান রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রকর মুর্তজা বশীর, ফরিদা জামান ও কণকচাঁপা চাকমা। পরে রাত ১২টায় মশাল জ্বালিয়ে সূচনা হয় মহান ভাষা উৎ সবের।কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন দিনটি উদ্যাপন করেছে সাড়ম্বরে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনার তৈরি করা হয়। এ ছাড়া উপ-হাইকমিশন দুই দিনব্যাপী এক আর্ট ক্যাম্পের আয়োজন করে।এ ছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রছাত্রীরাও নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেন।কাতারে প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে আমাদের পীরগঞ্জ প্রতিনিধি জানান, প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও নেপালিরা কাতারের হুন্দাই ক্যাম্পের খেলার মাঠে শহীদ মিনার তৈরি করে একুশে ফেব্রুয়ারি পালন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করেন। বাংলাদেশ সময় রাত ১২টা এক মিনিটে তাঁরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।