ভারত অমীমাংসিত বিষয়গুলো সমাধানের চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও সীমানা নির্ধারণসংক্রান্ত চুক্তি বাস্তবায়নসহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং বলেন, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে শেখ হাসিনার প্রচেষ্টার প্রতি ভারতের সরকার ও জনগণের গভীর শ্রদ্ধা রয়েছে। এ ছাড়া পারস্পরিক বোঝাপড়াসহ গোটা অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর মধ্যে যে সমঝোতা হয়েছে, তার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। মনমোহন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে এই অঞ্চলের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ ও ভারতের কাজ করা উচিত। বৈঠকে দীপু মনি যৌথ পরামর্শমূলক কমিশনের (জেএসএস) প্রথম বৈঠক এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ উৎসবে উপস্থিত হতে পেরে সন্তোষ জানান। বৈঠকের পর আন্তনদী সংযোগ প্রকল্প এবং মণিপুরের বরাক নদের তীরে টিপাইমুখ বহুমুখী প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের উদ্বেগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, মনমোহন সিং আশ্বাস দিয়েছেন, ভারত এমন কিছু করবে না, যা বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে। দীপু মনি আরও বলেন, ‘তিস্তা ও সীমানা নির্ধারণ চুক্তি উভয় বিষয়ে ভারত তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে ভারতের প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন।’ দুই দিনের ভারত সফরের শেষ দিনে দীপু মনি মনমোহনের সঙ্গে দেখা করেন। এর আগে দীপু মনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বনসালের সঙ্গে বৈঠক করেন।পানিসম্পদমন্ত্রী বনসালের সঙ্গে বৈঠক শেষে দীপু মনি বলেন, ‘আমরা তিস্তা নিয়ে কথা বলেছি। আমরা টিপাইমুখ ও আন্তনদী সংযোগ প্রকল্প নিয়েও কথা বলেছি। তিনি (বনসাল) আন্তনদী সংযোগ প্রকল্প নিয়ে আবারও আশ্বাস দিয়েছেন, হিমালয়ের অববাহিকায় এমন কিছু করা হবে না, যা বাংলাদেশের উদ্বেগের কারণ হবে।’ তিস্তা চুক্তি কবে সই হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘যত শিগগির সম্ভব এটা করা হবে।’ পিটিআই।