ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যতই বলুন গত ১০ বছরে তাঁর সেরা সন্তুষ্টি ও প্রাপ্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সই। ঘটনা হলো ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে খারাপ সময় চলছে এখনই। এই হঠাৎ সম্পর্কহানির একটি কারণ যদি হয় দেবযানী খোবরাগাড়েকে ঘিরে কূটনৈতিক সংকট, অন্য কারণটি তাহলে বাংলাদেশের নির্বাচন।
নিউইয়র্কে ভারতের সাবেক ডেপুটি কনসাল দেবযানীর বিরুদ্ধে ভিসা কারচুপিসংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো রাজি না হওয়ায় ভারতও মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর চাপ ক্রমাগত বাড়িয়ে চলেছে।
দুই দিন আগে ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে ডেকে জানিয়ে দেন, দেবযানী-বিতর্কের সম্মানজনক অবসান না হলে সম্পর্ক আগের মতো চলতে পারে না। এর পরই গতকাল বুধবার দিল্লিতে মার্কিন দূতাবাসকে বলে দেওয়া হয়েছে, দূতাবাসের অভ্যন্তরে এত দিন ধরে যেসব বাণিজ্যিক কাজকর্ম তারা চালিয়ে আসছিল, ১৬ জানুয়ারির মধ্যে সেসব বন্ধ করে ফেলতে হবে। এর অর্থ, দূতাবাসের অভ্যন্তরের ক্লাবটি বন্ধ করে দিতে হবে। আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েশনের (এসিএসএ) উদ্যোগে ওই ক্লাবে একটি রেস্তোরাঁ ও বার রয়েছে, আছে সুইমিং পুল, বোলিং অ্যালে এবং টেনিস কোর্ট। এই ক্লাবে বহিরাগতরাও আসতে পারতেন। বাণিজ্যিকভাবে ক্লাবটি চালানো হয়। শুধু ক্লাব বন্ধের নির্দেশই নয়, বাণিজ্যিক ওই প্রতিষ্ঠানের জমা দেওয়া করের রিটার্নও দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসকে মনে করিয়ে দেওয়া হয়েছে, ওই বাণিজ্যিক সংস্থাটি ভিয়েনা কনভেনশনের ৪১(৩) ধারার পরিপন্থী।
দেবযানী-বিতর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রক ‘দেশের আইন মোতাবেক’ চলার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই ভারতও তাদের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে। দিল্লি দূতাবাসসহ দেশের অন্যত্র কনস্যুলেটগুলোতে নিরাপত্তার জন্য বাড়তি যেসব পুলিশি বন্দোবস্ত ও ব্যারিকেড ছিল, সেসব হটিয়ে দেওয়া হয়। বিমানবন্দরসহ অন্যত্র
কূটনীতিক ও দূতাবাসের কর্মীরা বাড়তি যেসব সুযোগ-সুবিধা এযাবৎ পেয়ে আসছিলেন, যেগুলো সৌজন্য হিসেবে বাড়তি দেওয়া হতো, সেসবও প্রত্যাহূত হতে থাকে। কূটনীতিক ও দূতাবাসের কর্মীদের বিশেষ সুবিধাসহ যে পরিচিতিপত্র দেওয়া হয়েছিল, তা ফেরত দিয়ে নতুন পরিচয়পত্র নিতে বলা হয়েছে। নতুন পরিচয়পত্রে ওই বিশেষ সুবিধাগুলো থাকবে না। আমেরিকান সেন্টারে বিনা অনুমতিতে সিনেমা দেখানোও বন্ধ করে দিতে বলা হয়েছে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার পাশাপাশি কাল দিল্লি পুলিশকে এ কথাও জানিয়ে দেওয়া হয়েছে যে দূতাবাসের গাড়িগুলো ট্রাফিক আইন ভাঙলে তাদের বিরুদ্ধে যেন দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ প্রয়োজনের তুলনায় বাড়তি কোনো ছাড় একেবারেই নয়।
এত পাল্টা ব্যবস্থা গ্রহণ বা চাপ সৃষ্টি করার প্রধান কারণ দেবযানী-মামলার অভিযোগ গঠনের সময় একেবারে ঘাড়ের কাছে এসে পড়লেও যুক্তরাষ্ট্র এখনো দেবযানীকে জি-১ ভিসা মঞ্জুর করেনি। এই ভিসা মঞ্জুর হলেই দেবযানী পূর্ণ কূটনৈতিক রক্ষাকবচের অধিকারী হবেন। নিউইয়র্কের ম্যাজিস্ট্রেটের এজলাসে ১৩ জানুয়ারি দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি ওঠার কথা। দেবযানীর উকিল ৩০ দিন বাড়তি সময় চেয়েছেন, যার বিরোধিতা করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কৌঁসুলি প্রীত ভারারা।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কহানির প্রধান কারণ দেবযানী-বিতর্ক হলেও দ্বিতীয় কারণ বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতির মূল্যায়নে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য বিস্তর। প্রধানত জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে এই দুই দেশ সম্পূর্ণ বিপরীত ভূমিকা নেওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কে একটা বাড়তি আড়ষ্ঠতা সৃষ্টি হয়েছে।
সহিংস নির্বাচনের পর ভারত ও যুক্তরাষ্ট্রের বিবৃতিতেও সেই ভিন্নতা স্পষ্ট। বিবৃতি থেকে পরিষ্কার, একতরফা নির্বাচন সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই ভারতের অবস্থান। বিরোধীদের সহিংসতাকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করতেও ভারত ছাড়েনি। আমেরিকা কিন্তু বিএনপি-জামায়াতের জোটকে ছাড়া একতরফা নির্বাচন করায় হতাশা প্রকাশ করেছে এবং আরও একটি নির্বাচনের পক্ষে তাদের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছে। মোট কথা, মনমোহন সিং যতই ওয়াশিংটনকে খুশি করার মতো উষ্ণ মন্তব্য করুন, দেবযানী-বিতর্ক ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কে এ মুহূর্তে যথেষ্ট শীতলতা এনেছে।