বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের মতো বন্ধুরাষ্ট্রের বাংলাদেশের মতো প্রতিবেশীকে উদার দৃষ্টিতে দেখা উচিত। তাহলে ছোট দেশ হিসেবে বাংলাদেশের জন্য সুবিধা হয়।
গতকাল রোববার বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার হলে বাংলাদেশ-ভারত সহযোগিতা শীর্ষক সম্মেলনের কর্ম-অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ও সেন্টার ফর ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট রিজিওন স্টাডিজ-কলকাতা (সিইএনইআরএস-কে) যৌথভাবে দিনব্যাপী এ আলোচনার আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনের পর ব্যবসা ও আন্তসংযোগ, সীমান্ত ব্যবস্থাপনা এবং পানিবণ্টন নিয়ে তিনটি কর্ম-অধিবেশনে বক্তারা আলোচনা করেন।
‘শিল্প, ব্যবসা-বাণিজ্য ও আন্তসংযোগ’ শীর্ষক দিনের প্রথম কর্ম-অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতায় তোফায়েল আহমেদ বলেন, ‘আজকে তামাক ও মদ ছাড়া সব পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। প্রশ্ন হলো, আমাদের সামর্থ্যের ওপর। আমাদের পণ্যের ওপর ১২ শতাংশ কাউন্টার ভেইলিং ডিউটি দেওয়া হয়েছে। তা প্রত্যাহারের জন্য ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণকে অনুরোধ জানিয়েছি। কিছুদিন আগে আমাদের পাটের ওপর অ্যান্টি ডাম্পিং পদক্ষেপ নিয়েছে ভারত। ভারত আমাদের পাটের জন্য একটি ভালো বাজার। ভারত যে একটি বিশাল বাজার তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটু উদার মনোভাব নিয়ে প্রতিবেশীদের যে দেখা প্রয়োজন, সে ব্যাপারে যদি যত্নবান হয়, তাহলে মনে হয় প্রতিবেশী ছোট দেশ আমাদের জন্য সুবিধা হয়।’
তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ তার নিজের মতোই এগিয়ে যাবে। আমাদের সৎ প্রতিবেশী দেশ ভারত বন্ধুরাষ্ট্র হিসেবে থাকবে।’
ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘কিছু কিছু আমলাতান্ত্রিক এবং নীতিগত সিদ্ধান্তের কারণে আমাদের সম্পর্কে কখনো কখনো প্রতিবন্ধকতা দেখা দেয়। যেহেতু সার্কের ভবিষ্যৎ খুব আশাব্যঞ্জক নয়, তাই আমাদের উপ-আঞ্চলিক সহযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।’
পিনাক রঞ্জন আমলাতন্ত্র, অবকাঠামোগত দুর্বলতা ও ভিসা সমস্যাকে সম্পর্কের ক্ষেত্রে বাধা হিসেবে উল্লেখ করেন।
শীর্ষ বণিক সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে ওই কর্ম -অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত সে দেশের পশ্চিমাঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের জন্য প্রতি টনে প্রায় দেড় শ ডলার খরচ করে। অথচ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই পণ্য পরিবহনের খরচ ৫০ থেকে ৫৫ ডলার। কাজেই পণ্য পরিবহনের খরচ প্রায় ১০০ ডলারের মতো যে লাভ হবে, তার হিস্যা ভাগাভাগি করা যায়। ওই লাভের অংশ রাস্তাঘাট উন্নয়নে বিনিয়োগ করা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অর্থনৈতিক প্রয়োজনে অনিবার্যভাবে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। এ ক্ষেত্রে উত্তর-পূর্ব ভারত ও পূর্ব ভারতের ইতিবাচক ভূমিকা আছে।
দ্বিতীয় অধিবেশন: সীমান্ত ব্যবস্থাপনা ও সহযোগিতা শীর্ষক দ্বিতীয় কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন সিইএনইআরএস-কের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) অরুণ রায়। ওই অধিবেশনে সিইএনইআরএস-কের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) জে আর মুখার্জি বলেন, ‘আমাদের যেমন বাংলাদেশকে দরকার, বাংলাদেশেরও তেমনি ভারতকে প্রয়োজন। বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসনকে কীভাবে বৈধতা দেওয়া যায়, তা নিয়ে দুই দেশের কথা বলা উচিত। তেমনি বাংলাদেশ-ভারত সীমান্তে গরু ব্যবসার বৈধতা দেওয়া উচিত।’
ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ জয়দীপ সাইকা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব সহযোগিতার কারণে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা দমনে ভারত সফল হয়েছে। বাংলাদেশের এই ভূমিকার কারণে উলফা ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।
ওই অধিবেশনে আরও বক্তৃতা করেন আসামের সাবেক স্বরাষ্ট্রসচিব জে পি সাইকা, নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী ও আইসিএলডিএমের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ।
তৃতীয় অধিবেশন: তৃতীয় কর্ম-অধিবেশনে পানিবণ্টন ও প্রতিবেশ নিয়ে আলোচনায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘তিস্তার ব্যাপারে কথা একটাই, এখানে রাজনীতি চুক্তিকে ব্যাহত করতে পারবে না। ইনশা আল্লাহ চুক্তিটি সই হবেই।’
সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে বন্যা, নদীভাঙন, পানি সমস্যার সমাধান ও পুনরায় নৌ চলাচল চালুর বিষয়ে দুই দেশের পক্ষে অগ্রগতি অর্জন সম্ভব। তাঁর মতে, দুই দেশের প্রতিটি অভিন্ন নদীর অববাহিকাভিত্তিক সহযোগিতার মাধ্যমে পানিবণ্টন ব্যবস্থাপনার সমস্যা সমাধান করা উচিত।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, পানিবণ্টনের ক্ষেত্রে শুধু শুকনো মৌসুম নয়, সারা বছরের পানিপ্রবাহের ভিত্তিতে আলোচনা করা উচিত।
উদ্বোধনী অনুষ্ঠান: সকালে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে মূল বক্তৃতা করেন ভারতের জাতীয় গবেষণা অধ্যাপক জয়ন্ত কুমার রায় এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল।
অধ্যাপক মুনতাসীর মামুন সীমান্ত সমস্যার সমাধান ও বিদ্যুৎ বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অগ্রগতির প্রসঙ্গ টেনে বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে ভারত ছাড় দিলে বাংলাদেশ উপকৃত হয়। ভারতের বারবার আশ্বাসের পরও সীমান্তে গুলি চলছে। ইউরোপের দেশগুলোতে অবৈধ মুসলিম অভিবাসীরা প্রবেশের সময় তাদের ওপর গুলি ছোড়া হয় না। অথচ বাংলাদেশ-ভারত সীমান্তে গুলি চলে। তার মানে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তাদের কাছে পৌঁছায় না কিংবা সীমান্তরক্ষী বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। কিংবা আমাদের এক কথা বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে অন্য কথা।’