ভারত ও চীন সফরে যাচ্ছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরই ভারত ও চীন সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তাঁর এ দুটি সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভারত সফরের পর খালেদা জিয়ার দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল রয়েছে।জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেত্রী ভারত ও চীন সফরে যাবেন। সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের জন্য সুবিধাজনক সময়ে সফর আয়োজনের ব্যাপারে দেশ দুটির সঙ্গে আলোচনা চলছে। তবে চলতি বছরের মধ্যেই সফর দুটি হবে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত মে মাসে ঢাকা সফরের সময় খালেদা জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সে সময় অর্থমন্ত্রী হিসেবে ঢাকায় এসেছিলেন প্রণব মুখার্জি। বিএনপি সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে খালেদা জিয়াকে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য খালেদা জিয়া বিরোধীদলীয় নেত্রী হিসেবে ২০১০ সালের ১৮ ডিসেম্বর পাঁচ দিনের সফরে চীন গিয়েছিলেন।