ভারত ও চীনের ঘনিষ্ঠতা সবার জন্য সুফল আনবে: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও চীনের ‘ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা’কে ইতিবাচক বলে মনে করে যুক্তরাষ্ট্র৷ এটা ‘সবার জন্য সুফল’ও বয়ে আনবে বলেও মনে করছে দেশটি৷ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে মজীনা বলেন, ‘বাংলাদেশের সুফল যেখানে আসবে, তাতে গুরুত্ব দেওয়া উচিত। তাই চীনের সঙ্গে যুক্ত হওয়াটাকে আমরা বেশ ইতিবাচকভাবে দেখছি।’
ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করলে বাংলাদেশ লাভবান হবে। সব পক্ষই লাভবান হবে—এটিকে বিবেচনায় নিয়ে ভারতের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের তৈরি পোশাক পৌঁছানো উচিত বলে তিনি মত দেন।
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক বিষয়ে ড্যান মজীনা বলেন, বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দুই দেশের অংশীদারি এখন আরও সম্প্রসারিত, গভীর ও শক্তিশালী হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার হলেও কিছু বিষয়ে যে মতপার্থক্য রয়েছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি—বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম নিয়ে যুক্তরাষ্টের উদ্বেগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এটা উল্লেখ করা হয়েছে।
বিসের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ।