তৈরি পোশাক রপ্তানিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সানজিদা খানমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এ তথ্য দেন। তিনি বলেন, বাংলাদেশের রপ্তাানি আয় ভারতের তুলনায় শতকরা ১৩৯ ভাগ ও পাকিস্তানের তুলনায় ৪৬৮ ভাগ বেশি।বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার তৈরি পোশাক রপ্তানি আরও বাড়াতে নতুন বাজার খুঁজছে। বাংলাদেশ এ খাতে বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে বাণিজ্যিক সুবিধা পাচ্ছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ ২০১১ সালে ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। একই সময়ে ভারত সাড়ে ছয় হাজার মিলিয়ন ও পাকিস্তান প্রায় দুই হাজার মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এ ছাড়া ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে চার হাজার ৫৬৬ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। একই সময়ে ওই দেশে রপ্তানি করে ভারত আয় করেছে তিন হাজার ২২২ মিলিয়ন মার্কিন ডলার ও পাকিস্তান আয় করেছে এক হাজার ৭১৭ মিলিয়ন ডলার।রওশন জাহানের লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, খাদ্যে বিষাক্ত ফরমালিনের মিশ্রণ রোধে সরকার চারটি কমিটি গঠন করেছে। ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ সালে যেসব প্রতিষ্ঠান ফরমালিন আমদানি করেছে এবং এসব ফরমালিন কাদের কাছে বিক্রি করা হয়েছে, কমিটি তা তদন্ত করে দেখছে। ইতিমধ্যে ২১টি প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। একই সময়ে কার্বাইড আমদানির পরিমাণ ও আমদানিকারকদের নামের তালিকা সরবরাহের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর ফরমালিন ও কার্বাইডের অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে সংসদে প্রশ্নের জবাব দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাত সোয়া আটটার দিকে তিনি আতিউর রহমান আতিকের প্রশ্নের জবাব দেওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারদলীয় সাংসদ শেখ ফজলুল করিম তাঁর বক্তব্যের সমালোচনা করেন। শেখ সেলিম বলেন, ‘প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের দীর্ঘ বক্তৃতার কারণে সংসদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।’ মন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সংক্ষিপ্ত উত্তর দেবেন; বক্তৃতা নয়। উত্তর দিতে গিয়ে লম্বা বক্তৃতা হয়। এতে সংসদের কার্যপ্রণালি বিধি লঙ্ঘন হয়।’এরপর ডেপুটি স্পিকারের উদ্দেশে শেখ সেলিম বলেন, ‘নিয়মানুযায়ী এক ঘণ্টার মধ্যে প্রশ্নোত্তর শেষ করতে হবে। অনেকে প্রশ্ন করে সঠিক উত্তর পান না। এ ধরনের বক্তৃতা না দিলে আরও অনেক প্রশ্নের উত্তর দেওয়া যেত। আপনিও এ বিষয়গুলো লক্ষ্য করছেন না। আপনি এগুলো থামিয়ে দিলেই পারেন। কেউ এভাবে বলতে পারে না। আমি কারও বিরুদ্ধে বলছি না। আশা করি, ভবিষ্যতে লক্ষ্য রাখবেন।’ জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘আমার মনে হয় না কার্যপ্রণালি বিধি লঙ্ঘিত হচ্ছে।’ এর আগে সরকারি দলের সাংসদ ফজলে নূর ত্রাণমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো বক্তব্য দেন। সবশেষে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১২ সংসদে উত্থাপন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হকের অনুপস্থিতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বিলটি উত্থাপন করেন। এর পর সংসদের বৈঠক আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।