সার্ক খাদ্যভান্ডার (সার্ক ফুডব্যাংক) কার্যকর করতে বাংলাদেশের দেওয়া তিনটি মূল প্রস্তাব নাকচ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় শেষ হওয়া আঞ্চলিক খাদ্যভান্ডার-সংক্রান্ত চতুর্থ বোর্ড সভায় বাংলাদেশের প্রস্তাবের বিরোধিতা করে ভারত ও পাকিস্তান। তাই কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় কর্মকর্তা পর্যায়ের ওই বৈঠক। এর পরিপ্রেক্ষিতে ফের পিছিয়ে গেল সার্ক খাদ্যভান্ডার কার্যকরের প্রক্রিয়া।রাজধানীর একটি হোটেলে গত বুধবার সার্ক খাদ্যভান্ডারের চতুর্থ বোর্ড সভা শুরু হয়। বৈঠকে খাদ্য ঘাটতির ন্যূনতম পরিমাণের হার কমানো, স্বাভাবিক সময়েও খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য নির্ধারণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি প্রস্তাব দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে বৈঠকের শেষ দিনে। এদিন আলোচনার সভাপতি ও স্বাগতিক বাংলাদেশের বোর্ড সদস্য এলাহী দাদ খানকে ছাড়াই বৈঠকটি শেষ হয়। মন্ত্রণালয়ের নির্দেশে তিনি গতকাল দিল্লি গেছেন বলে জানা গেছে।সার্ক খাদ্যভান্ডার কার্যকর করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। বাংলাদেশ মনে করে, এ ক্ষেত্রে খাদ্যশস্য উৎপাদনের ঘাটতির পরিমাণের হার কমানো, খাদ্যশস্যের মূল্য ও দ্রুত সরবরাহের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা এবং খাদ্যের মজুদ বিষয়ে তথ্য সরবরাহ—এই বিষয়গুলো সুরাহার মাধ্যমে আঞ্চলিক খাদ্যভান্ডারকে কার্যকর করতে হবে। এই প্রেক্ষাপট সামনে রেখে বাংলাদেশ প্রস্তাব দেয়, বর্তমানে কোনো দেশের মোট খাদ্য উৎপাদনের ন্যূনতম আট শতাংশ খাদ্য ঘাটতি হলে সরবরাহের যে সিদ্ধান্ত আছে তা পর্যালোচনা করা উচিত। কারণ আট শতাংশ ঘাটতির যে হার নির্ধারণ করা হয়েছে, সেটি স্বাভাবিক সময়ে হয় না। তাই ন্যূনতম খাদ্য ঘাটতির হার পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত। তা ছাড়া দুর্যোগকালীন শস্যভান্ডার থেকে সরবরাহ বিধানের বিষয়েও বাংলাদেশ ভিন্নমত পোষণ করে। বাংলাদেশের মতে, কোনো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা শস্য বা খাদ্যভান্ডার প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য। তাই স্বাভাবিক সময়েও কোনো দেশ চাইলে শস্য সরবরাহ করা উচিত। বাংলাদেশের প্রস্তাবে সরাসরি বিরোধিতা করে ভারতীয় প্রতিনিধি জানান, খাদ্য ঘাটতির যে হার নির্ধারণ করা হয়েছে, তা এই মুহূর্তে কমানো হবে না। এ ছাড়া স্বাভাবিক সময়ে খাদ্য সরবরাহের বিষয়েও ভারত বিরোধিতা করে। পাকিস্তানও আপৎকালীন ছাড়া অন্য সময়ে সার্ক শস্যভান্ডার থেকে শস্য সরবরাহের বিরোধিতা করে। পাকিস্তানও মনে করে, স্বাভাবিক সময়ে শস্য সরবরাহের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দুর্যোগকালীন ছাড়া অন্য সময়ে শস্য সরবরাহের বিরোধিতা করে ভারত ও পাকিস্তান কার্যত চুক্তি লঙ্ঘন করছে। সার্ক শস্য বা খাদ্যভান্ডার-সংক্রান্ত চুক্তির দ্বিতীয় ধারায় সুস্পষ্টভাবে বলা আছে, আপৎকালীন, পাশাপাশি স্বাভাবিক সময়ে প্রয়োজন অনুযায়ী শস্য সরবরাহ করতে হবে।জানা গেছে, সার্ক শস্যভান্ডার থেকে শস্য সরবরাহের ক্ষেত্রে মূল্য নির্ধারণের বিষয়টি সুনির্দিষ্ট করার প্রস্তাব দেয় বাংলাদেশ। বাংলাদেশের প্রস্তাবে বলা হয়েছে, তুলনামূলক বাজারমূল্য বিবেচনা করে অন্য দেশ থেকে যে মূল্যে খাদ্যশস্য কেনা হবে, শস্যভান্ডার থেকে কেনা হবে তার চেয়ে কম দামে। এই প্রস্তাবেরও বিরোধিতা করে ভারত। দেশটি মনে করে, তুলনামূলক বাজারদর বিবেচনা করে দরপত্রের মাধ্যমে কেনার সময় যে দাম থাকে, সে রকম দামেই শস্যভান্ডার থেকে খাদ্যশস্য নিতে হবে।