ভারত ও বাংলাদেশ প্রতিনিধিদলের বালা স্থলবন্দর এলাকা পরিদর্শন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা স্থলবন্দরের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ভারত ও বাংলাদেশ প্রতিনিধিদল বন্দর এলাকা পরিদর্শন করেছে। গতকাল সোমবার দুপুরে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক ইন্দিরা মূর্তি ও বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোকাব্বির হোসেন। ভারতীয় প্রতিনিধিদল বেলা ১১টায় কেদারাকোট ও বালা স্থলবন্দর পরিদর্শন করে এবং দুপুর সাড়ে ১২টায় এ দেশ ত্যাগ করে। পরিদর্শনকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল ওয়াদুদ, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান, পাবলিক প্রসিকিউটর আকবর হোসেন জিতু, সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনার মো. তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন। বালা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া বলেন, বাংলাদেশ থেকে সিমেন্ট, পাথর, পাস্টিক-সামগ্রী ও ইট রপ্তানি করে ২০১০ সালে সাত কোটি এবং ২০১১ সালে ছয় কোটি টাকা এ বন্দর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়েছে। স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি জালাল উদ্দিন খান বলেন, ভারতের ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরামসহ কয়েকটি অঙ্গরাজ্যে এ দেশ থেকে কম খরচ ও স্বল্পসময়ে বছরে ২০০ থেকে ৩০০ কোটি টাকার পণ্য রপ্তানি করা সম্ভব হবে। বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোকাব্বির হোসেন বলেন, বালা স্থলবন্দরটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে এখানে খোয়াই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ ও প্রায় দুই কিলোমিটার সংযোগ সড়ক সংস্কার করা প্রয়োজন।