ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়েছে: ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় উপহাইকমিশনের স্টল উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন বলেছেন, ভারত ও বাংলাদেশ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। গত এক দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার জন্য দুই দেশ কাজ করছে।

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের একটি স্টল উদ্বোধনকালে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন রাজীব রঞ্জন।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা এবং উভয় দেশের মধ্যে পর্যটন ও সম্ভাবনাময় খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে স্টলের মাধ্যমে প্রদর্শন করা হবে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এখন খুব ভালো অবস্থায় রয়েছে। কিছুদিন আগে ভারত রপ্তানি বন্ধ করলেও এখন আবারও বাংলাদেশে গমসহ খাদ্য পণ্য রপ্তানির চেষ্টা করছে। ভারত আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট প্রতিবেশী। এ কারণে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব সময় উষ্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি।’

স্টল উদ্বোধন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। এ সময় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এ কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, অঞ্জন শেখর দাশ, মো. ইফতেখার ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।