প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা বলেছেন, ভারত ও মিয়ানমারকে স্বীকার করতে হবে যে সাগরে বাংলাদেশের অধিকার আছে। সাগরে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের মো. শহীদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রের অন্তত ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এলাকা বাংলাদেশের। এর সম্পদও এ দেশের প্রাপ্য। এই বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের, তা ভারত ও মিয়ানমারকে স্বীকার করতে হবে। তিনি বলেন, সমুদ্রে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি-জামায়াত কিছু করেনি। দেশের টাকা বিদেশে পাচার করতেই তাদের দিন শেষ।শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের মধ্যে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হবে। ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য বাংলাদেশ স্থায়ী সালিশ ট্রাইব্যুনালে মামলা করেছে। আর মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করতে সচিব পর্যায়ের বৈঠক পুনরুজ্জীবিত করা হয়েছে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা অব্যাহত আছে।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম তাঁর প্রশ্নে বলেন, ভারত অনেক কথা দিয়েছে। কিন্তু বাস্তবায়ন করেনি। সীমান্ত সমস্যা, ছিটমহল, টিপাইমুখ বাঁধের কোনো সমাধান হয়নি। এ ব্যাপারে তিনি সরকারের অবস্থান জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সমস্যা সমাধানে স্বাধীনতার পর বঙ্গবন্ধু ২৫ বছরের চুক্তি করেছিলেন। সেখানে এই বিষয়গুলো ছিল। বিভিন্ন সময়ে সরকারগুলো এই চুক্তিকে গোলামি চুক্তি বলেছে। আবার এখন এই চুক্তিই বাস্তবায়ন করতে বলছে। ওই সরকারগুলো কিছু করেনি। তিনি বলেন, ‘ফেনী সীমান্তে বিরোধীদলীয় নেতার নির্বাচনী এলাকায় ৪৫ বিঘা জমি ভারত থেকে এনে দিয়েছি। উনি তো পারেননি।’শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া গঙ্গার পানির দাবি তুলতে ভুলে গিয়েছিলেন। যারা ভারতকে গালি দেয়, তারাই দাবি তুলতে পর্যন্ত ভুলে যায়। আওয়ামী লীগ চুক্তি করেছে। দাবি আদায়ে কাজ করছে। তিস্তার পানিচুক্তি না করায় তিনি বিএনপি ও জাতীয় পার্টির সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, তারা কেন করেনি। এদের মুখে গালি আর অন্তরে ভালোবাসা। বাইরে ভারতবিরোধী, ভেতরে ভারতপ্রীতি।নূর-ই-হাসনা লিলির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় মেট্রোরেলের কাজ দ্রুতই শুরু হবে। সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালের মধ্যে ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানিসহ মোট এক হাজার ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সংসদনেতা বলেন, আগামী মার্চ থেকে বিদ্যুৎ খাতে দেশের বিভিন্ন জায়গায় প্রি-পেমেন্ট মিটার লাগানোর কাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে সব গ্রাহককে প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনা হবে।গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করে মাওয়া-জাজিরা অবস্থানে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু এবং বিনিয়োগকারী নিয়োগ চূড়ান্ত করে পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।