ভারত ও মিয়ানমারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের রায়কে বিজয় বলে মনে করি না। এতে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে শুধু। এখন সে অধিকার ভোগ করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে সরকারকেই। মিয়ানমার ও ভারতের সঙ্গে নায্যতা, সম-অধিকার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমেই এটা করা সম্ভব।
গতকাল মঙ্গলবার পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে কলাবাগানের পবা কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান।
আবদুস সোবহান বলেন, ‘সমুদ্রসম্পদের নিরবচ্ছিন্ন অর্থনৈতিক ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রথম বাধা অতিক্রম করেছি। পরবর্তী ধাপ হচ্ছে সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও তার সুরক্ষা। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সমুদ্র কমিশন গঠন।’ তিনি আরও বলেন, সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় সরকারের উচিত হবে দ্রুত সমুদ্র জরিপ করে তার ভিত্তিতে সমুদ্রসম্পদ উত্তোলন ও আহরণের জন্য কাজ করা।
এই তিন দেশের মধ্যে ভারত প্রধান নৌশক্তি হওয়ায় ভারতের আচরণের ওপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন বক্তারা।
পবার সম্পাদক হাসান তারেক চৌধুরী, বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন, পবার নির্বহী সদস্য মো. সেলিম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।