ভারত ও শ্রীলঙ্কায় শুভেচ্ছা সফরে গেল দুটি যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’ ও ‘সমুদ্র অভিযান’ গতকাল রোববার দুপুরে শুভেচ্ছা সফরে অংশ নিতে ভারত ও শ্রীলঙ্কার উদ্দেশে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। সফরটি মূলত নৌবাহিনীর নতুন কর্মকর্তা ও ক্যাডেটদের প্রশিক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হবে বলে নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গতকাল দুপুরে জাহাজ দুটি চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করার সময় সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশন করে। এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীবসহ উচ্চপদস্থ নৌকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ দুটি ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ভারতের ‘পোর্ট ব্লেয়ার’ বন্দরে এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত কলম্বো বন্দরে অবস্থান করবে। সফরে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মোট ৫১১ জন সদস্য অংশ নিচ্ছে। তাদের মধ্যে ২৪ জন নারী কর্মকর্তা ও ক্যাডেট রয়েছেন। ‘সমুদ্র অভিযান’-এর অধিনায়ক ক্যাপ্টেন এম কামরুল হক চৌধুরী ও ‘সমুদ্রজয়’ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম হুমায়ুন কবির। সফর শেষে জাহাজ দুটি আগামী ৯ অক্টোবর দেশে ফেরার কথা।
নৌবাহিনী জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানের উন্নয়ন ঘটবে।