ভারত ও হিন্দুদের দোষারোপ
বায়ান্নর গোপন মার্কিন দলিল: মার্কিন জাতীয় মহাফেজখানা থেকে প্রথম আলো সংগ্রহ করেছে বায়ান্নর মার্কিন দলিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এসব গোপন দলিলের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ অষ্টম কিস্তি
কিছু হলেই হিন্দুদের দোষারোপ করার একটা প্রবণতা আছে। এর পেছনে রয়েছে ২০ বছর আগে প্রতিষ্ঠিত একটি মনস্তাত্ত্বিক ধারার পটভূমি।
একুশে ফেব্রুয়ারির ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা সম্পর্কে ঢাকার আমেরিকান কনসাল জন ডব্লিউ বাউলিং বায়ান্নর ১ মার্চ ওয়াশিংটনে পাঠানো বার্তায় এ মন্তব্য করেছিলেন।
বাউলিং বলেন, ‘বর্তমান গোলযোগকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে দেখানোর অল্পই সম্ভাবনা আছে। কতিপয় সরকারি মুখপত্র (যেমন মর্নিং নিউজ) কমিউনিস্টদের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় বা ভারত সরকারকে খলনায়ক হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। কিন্তু এটা সরকারিভাবে করা হয়নি।’
রক্তপাতের পটভূমিতে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির প্রস্তাব পাস করলেও তারা সব সময় ভেবেছে, এর পেছনে প্রকৃতপক্ষে ‘বিদেশি হাত’ আছে। কমিউনিস্টদের এ জন্য তারা দায়ী করলেও চূড়ান্ত অর্থে তারা কার্যত অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল ভারত ও হিন্দু সম্প্রদায়কে। ইংরেজি দৈনিক মর্নিং নিউজ এ দৃষ্টিভঙ্গির বড় মুখপত্র ছিল। বায়ান্নর ২৫ ফেব্রুয়ারি বাউলিং এক বার্তায় মন্তব্য করেন, মর্নিং নিউজ পরিস্থিতির জন্য কমিউনিস্ট ও হিন্দুদের দায়ী করেছে। এদিন আইনসভার দুই মুসলিম সদস্যের সঙ্গে দুই হিন্দু কংগ্রেসম্যানকেও গ্রেপ্তার করা হয়েছিল।
১৯৫২ সালের ৮ মার্চ মার্কিন কনসাল জন ডব্লিউ বাউলিং ওয়াশিংটনকে জানিয়েছিলেন, কিছু কর্মকর্তা যুক্তি দিচ্ছিলেন যে আগামী হেমন্তের আগে আইনসভার অধিবেশন আর ডাকা উচিত হবে না। শুধু বাজেট পাস করাতে ২৪ ঘণ্টার জন্য প্রদেশের ওপর ৯২ক অর্থাৎ কেন্দ্রীয় শাসন বলবৎ রাখা হবে। মুখ্যমন্ত্রী অবশ্য বেশ আস্থাশীল যে আইনসভার ওপর তিনি তাঁর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। কনস্যুলেট বিশ্বাস করে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইনসভার অধিবেশন ডাকা হবে। তবে বিক্ষোভকারীদের চাপ সামলাতে এ অধিবেশনের স্থান পরিবর্তন করা হতে পারে।
ভাষা আন্দোলনকারীরা ৫ মার্চ ধর্মঘট ডেকেছিলেন। কিন্তু তা কেন সফল হয়নি ওই বার্তায় তার কারণ ব্যাখ্যা করেছেন বাউলিং। তাঁর মতে, প্রধানত দুই কারণে ধর্মঘট ব্যর্থ হয়েছে। প্রথমত, আংশিক কারণ হলো কার্যকর পুলিশি নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সরাসরি ‘মহল্লা সরদারদের’ কাছে ধরনা দেওয়া। এই সরদারেরা, বাউলিংয়ের ভাষায় ঢাকার নবাবদের এখনো শক্তিশালী উত্তরাধিকারী বহন করছে এবং ঢাকার অশিক্ষিত জনগোষ্ঠীর ওপর তাদের প্রচণ্ড প্রভাব রয়েছে।
বাউলিং তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারির ‘দাঙ্গা’র পর সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো, কতিপয় সরকারি কর্মকর্তা এবং মর্নিং নিউজ ভারত সরকার কিংবা পূর্ব পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নাশকতাকারীদের সম্পৃক্ততা চিহ্নিত করতে চাইছে। সরকারের বক্তৃতাগুলোতে এর আভাস রয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বেতার ভাষণ, যা এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাকে দুভাবে দেখা যেতে পারে। হয় তিনি দাঙ্গার জন্য বিদেশি কমিউনিস্টসহ (পূর্ব পাকিস্তানের) কমিউনিস্টদের দায়ী করেছেন বা অন্যথায় ভারতীয় কর্তৃপক্ষগুলোর অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছেন। মর্নিং নিউজ কমিউনিস্টদের দোষারোপ করে ঝড় তুলেছে। আবার তার ভূমিকার মধ্যেও সাম্প্রদায়িক আবেগ উসকে দেওয়ার চেষ্টা আছে।
বাউলিং এরপর লিখেছেন, ঢাকা কনস্যুলেট অবশ্য সাম্প্রদায়িক গন্ডগোলের আশঙ্কা তেমন গুরুতর হতে পারে বলে মনে করে না। ঢাকার জনমতের বিশ্লেষণ করে কনস্যুলেট দেখেছে যে জনগণের আনুমানিক ৫০ ভাগ যদিও বর্তমানে সরকারকে সমর্থন করছে। তবে তাদের মধ্যকার বৃহৎ অংশটিই ফেব্রুয়ারির গোলযোগকে সাম্প্রদায়িক ঝামেলার সঙ্গে যুক্ত করতে নারাজ। বরং প্রবণতা হচ্ছে কমিউনিস্ট এবং ‘যুক্ত বঙ্গওয়ালাদের’ সমানভাবে অভিযুক্ত করা। এদের উভয় শিবির কলকাতার সদর দপ্তরের নির্দেশে পরিচালিত হয় বলে বদ্ধমূল জনপ্রিয় বিশ্বাস রয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারা অবশ্য সেভাবে হিন্দুদের অভিযুক্ত করেন না। বরং তারা তাদের প্রকাশ্য বিবৃতিগুলোতে একটা ম্যাকিয়াভেলীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটানোর কথা স্বীকার করতেও প্রস্তুত আছেন।
বায়ান্নর ৩ মার্চ দেওয়া বেতার ভাষণে নূরুল আমীন বলেছিলেন, তিনি ভারাক্রান্ত হূদয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন। একুশে ফেব্রুয়ারি নিহত ব্যক্তিদের প্রতি তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। কতিপয় কমিউনিস্ট ও বিদেশি দালালদের ষড়যন্ত্র অঙ্কুরেই বিনাশ করা হয়েছে। এর পেছনে সক্রিয় আছে, সেই শক্তি যারা কখনো পাকিস্তান মানতে পারেনি। তারা কেবল সুযোগের অপেক্ষায় ওত পেতে ছিল। রাষ্ট্রের শত্রুদের পাতা ফাঁদে আমাদের অনেকেই যেভাবে পা দিয়েছে, তা আমাকে আহত করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভাষার প্রশ্ন প্রকৃত প্রশ্ন ছিল না। এর পেছনে নিশ্চয় অশুভ একটা কিছু আছে।
নূরুল আমীন তাঁর ভাষণে নির্দিষ্টভাবে বলেন, ‘বর্তমানের ঝুঁকিটা বুঝতে আমি আপনাদের সীমান্তের বাইরে তাকাতে বলি। কেবল পাকিস্তানই নয়, ইসলামও আজ কাঠগড়ায়। আমরা ইসলামকে ব্যর্থ হতে দেব না।’ পরিহাস হলো, চার বছর পরে পূর্ব পাকিস্তান সফর শেষে ফিরে মাওলানা আবুল আলা মওদুদি ওই একই ফতোয়া দিয়েছিলেন। বাংলা সাহিত্য ও বাঙালি জাতীয়তাবাদ হিন্দু প্রভাবিত। স্বায়ত্তশাসনের দাবি ইসলামবিরোধী।