ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, ভারত কোপেনহেগেন মতৈক্যের দ্রুত বাস্তবায়ন চায়। এ ছাড়া তিনি কিওটো প্রটোকলের ধারাবাহিকতা রক্ষা না করার ব্যাপারে অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জাপানের বক্তব্যের সমালোচনা করেছেন। কানকুনে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে এসে প্রথম আলোর সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জয়রাম রমেশ এ কথা বলেন।পরিবেশ ইস্যুতে ব্যক্তিগতভাবেও শক্ত অবস্থানের জন্য পরিচিত ভারতীয় পরিবেশমন্ত্রী মন্তব্য করেন, কিওটো প্রটোকল বাস্তবায়নের বিরোধিতা করে জাপান অসহযোগিতামূলক আচরণ করছে।গতকাল বিশ্বের বেশির ভাগ দেশের পরিবেশমন্ত্রীরা কানকুনে পৌঁছাতে শুরু করেছেন। বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ গতকাল সম্মেলন কেন্দ্রে আসেন। এদিন তাঁরা কোনো অধিবেশনে যোগ না দিলেও বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সভা করেন।সম্মেলন কেন্দ্র মুন প্যালেসে এসে পৌঁছানোর পরই জয়রাম রমেশের কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সম্মেলনে প্রথম পর্যায়ের জলবায়ু তহবিল, না দীর্ঘমেয়াদি তহবিল—কোনটি শুরু করা হবে, তা নিয়ে যে বিতর্ক চলছে, সে ক্ষেত্রে ভারতের অবস্থান কোনটির পক্ষে। উত্তরে জয়রাম রমেশ বলেন, এখনো আলোচনার মূল পর্ব শুরু হয়নি। আগামী দুই দিন সম্মেলনের ভেতরে-বাইরে দ্বিপক্ষীয় বহু আলোচনা হবে। তারপর সামগ্রিকভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে। এখনই চূড়ান্ত কিছু বলার মতো সময় আসেনি।