ভারত গেলেন আরও ৩১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া থেকে গতকাল ভারতে যাওয়ার জন্য বাসে উঠে বসেন মালতি রানী। কিন্তু একপর্যায়ে বিদায় জানাতে আসা স্বজনদের ধরে কান্নায়​ ভেঙে পড়েন তিনি l ছবি: সফি খান
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া থেকে গতকাল ভারতে যাওয়ার জন্য বাসে উঠে বসেন মালতি রানী। কিন্তু একপর্যায়ে বিদায় জানাতে আসা স্বজনদের ধরে কান্নায়​ ভেঙে পড়েন তিনি l ছবি: সফি খান

সদ্যবিলুপ্ত তিনটি ছিটমহলের আরও ৩১০ জন বাসিন্দা গতকাল মঙ্গলবার স্থায়ীভাবে ভারতে গেছেন। এর মধ্যে ছিলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত একটি ছিটমহলের ১৫২ জন এবং কুড়িগ্রামের দুটি ছিটমহলের ১৫৮ জন। যাওয়ার আগে আনন্দ-বেদনায় ডুকরে কেঁদে ওঠেন ভারতগামীরা। চোখের জলে তাঁদের বিদায় জানান স্বজনেরা।
দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত দহলা খাগড়াবাড়ি ছিটমহলের ৩০টি পরিবারের দুই নবজাতকসহ ১৫২ জন গতকাল সকালে জড়ো হন দেবীগঞ্জ ডিগ্রি কলেজমাঠে।
সকাল সাড়ে নয়টার দিকে সেখানে অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহাম্মদ গোলাম আযম ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তার হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। পরে রমাকান্ত গুপ্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে চারটি বাস ও ছয়টি ট্রাকের একটি বহর নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের উদ্দেশে ছেড়ে যায়। ভারতে নাগরিকত্ব পাওয়া এই পরিবারগুলো চিলাহাটির ডাঙ্গাপাড়া সীমান্তে আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিবাসনের আনুষ্ঠানিকতা শেষে বেলা দেড়টার দিকে চিলাহাটি-হলদিবাড়ী সীমান্তপথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতগামী ও তাঁদের বিদায় জানাতে আসা স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
এর কিছুক্ষণ আগে অনুভূতি জানতে চাইলে দহলা খাগড়াবাড়ি গ্রামের তরুণ বর্মণের স্ত্রী বিথি বর্মণ (৩০) কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর হাত ধরে ভারতে যাচ্ছি। মা-বাবা ও ভাইবোন রইল। আমার সব আত্মীয়স্বজন এই বাংলাদেশে। ভারতে আমার কোনো স্বজন নেই। জানি না কী হবে!’ আবদুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কথা হয় বিথির সঙ্গে। তিনি আরও বলেন, ‘স্বামী ছাড়াও শ্বশুর-শাশুড়ি এবং সাত বছরের ছেলে প্রান্ত ও তিন মাসের মেয়ে অষ্টমী সঙ্গে রয়েছে।’
জয়ন্তী রায় নামের এক স্কুলছাত্রী জানায়, সে দহলা খাগড়াবাড়ি গ্রামের কুলধর রায়ের মেয়ে। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেবীগঞ্জ রিভারভিউ উচ্চবিদ্যালয় থেকে ফরম পূরণ করেছে। পরীক্ষা আর দেওয়া হবে না। মা-বাবা ও এক ভাইয়ের সঙ্গে যাচ্ছে সে। আরেক ভাই গোপন রায় (১৯) থেকে যাচ্ছেন।
এদিকে গতকাল সকাল সোয়া নয়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজারের পাশে শেখ ফজিলাতুননেছা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ২৯টি পরিবারের ১৫৭ জন সদস্য পাঁচটি মিনিবাস ও ২৪টি পিকআপ ভ্যানে মালামাল নিয়ে যাত্রা করে। পথে ভূরুঙ্গামারীর বিলুপ্ত ছিট গাড়লঝোড়া থেকে একটি পরিবারের আরও একজন যোগ দেন। এ সময় তাঁদের তদারকি করেন ভারতীয় দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা অভিজিৎ রায়, ফারুক আজম ও অরূপ চক্রবর্তী। ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্ত তল্লাশিচৌকিতে আনুষ্ঠানিকতা শেষে পরিবারগুলো ভারতে প্রবেশ করে।
গত ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় ভারত-বাংলাদেশের ১৬২টি ছিটমহল। পরে এই দুই দেশ যৌথ জরিপকাজ চালায়। এর মাধ্যমে বিলুপ্ত ছিটমহলবাসী নিজেদের ইচ্ছেমতো দুই দেশের যেকোনোটির নাগরিকত্বের আবেদন করেন।
ভারতে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে ভারত সরকার। সে অনুযায়ী ট্রাভেল পাসধারীদের ৩০ নভেম্বরের মধ্যে ভারত পাঠানোর সিদ্ধান্ত হয় উভয় দেশের ডিসি-ডিএম পর্যায়ের যৌথ সভায়। এর অংশ হিসেবেই গত সোমবার (২৩ নভেম্বর) ২৭৮ জন, এর আগে (১৯ নভেম্বর) ৬৩ জন এবং রোববার (১৫ নভেম্বর) ১২০ জন ভারতে যান। {প্রতিবেদন তৈরি করেছেন নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম প্রতিনিধি}