ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, তাঁর দেশ চায়, বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে প্রায় শুল্কমুক্ত আমদানিসহ বাণিজ্যের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা লাভ করবে। খবর বাসসের।নর্থ-ইস্ট ইন্ডিয়া বিজনেস সামিট অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘একসঙ্গে হাত মিলিয়ে সীমান্তের উভয় দিকে অনেক ব্যবসার সুযোগ সৃষ্টি করা যেতে পারে। আমি মনে করি, ব্যবসায়ীরা বাংলাদেশ ও ভারতের দিকে একটি বাজার হিসেবেই দৃষ্টিপাত করবেন, যেখানে পণ্য ও সেবা উৎপাদন, বেচাকেনা ও বিনিময় করা যায়।’চিদাম্বরম বলেন, ‘তাই আমরা বাংলাদেশকে সীমান্তের অন্যদিকে বাণিজ্য করার জন্য সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দিতে আগ্রহী, যাতে দুই দেশের মধ্যে প্রায় শুল্কমুক্ত বাণিজ্য করা যায়। আমাদের বাংলাদেশের আরও কাছে যেতে হবে।’ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এবং ভারতের রয়েছে উদ্যোক্তা ও পুঁজি। ভারতের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির চেয়ে অনেক বেশি বড় বলে নয়াদিল্লির দায়িত্ব হচ্ছে ঢাকার পণ্য ও সেবার জন্য প্রবেশাধিকার দেওয়া। চিদাম্বরম বলেন, ‘উভয় দেশের মধ্যে ইতিমধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এখনো দু-একটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আমি আশাবাদী, ২০১২ সালে আমরা এসব ইস্যুর সমাধান করব।’মন্ত্রী আরও বলেন, দক্ষিণ এশীয় দেশটি ভারত ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধ। বাংলাদেশ ট্রানজিট ও ভ্রমণ এবং উৎপাদনের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।