ভারত জোরপূর্বক ফেনী নদীর পানি নিতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির স্বার্থে, কৃষকের স্বার্থে ভারত যেন ফেনী নদীর পানি নিয়ে যেতে না পারে, সে দাবিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।গতকাল বুধবার দুপুরে ফেনীতে জাতীয় পার্টির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৫ মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে ফেনী নদী অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন বিকেলে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে তিনি বক্তব্য দেবেন। এ উপলক্ষে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছে, এক কোটি শরণার্থীকে খাইয়েছে ও আশ্রয় দিয়েছে। কিন্তু তাই বলে জোর করে একতরফা পানি নিয়ে ফেনী ও আশপাশের এলাকাকে মরুভূমিতে পরিণত করবে, ফসলহানি ও দেশের ক্ষতি করা হবে, এটা মানা যায় না।’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেন, ফেনী নদীতে ইতিমধ্যে ভারত অনেকগুলো পাম্প মেশিন বসিয়ে পানি তুলে নিতে শুরু করেছে। ভারতকে পানি দিলে অচিরেই ফেনী জেলা, চট্টগ্রামের একটি অংশ পানিশূন্য হয়ে ফসল উৎপাদন ব্যাহত হবে। ৫৪টি অভিন্ন নদীর মধ্যে ভারত ৪২টিতে একতরফাভাবে বাঁধ নির্মাণ করেছে। ভাটির দেশের মতামত না নিয়ে একতরফা পানি প্রত্যাহার অমানবিক।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, যুগ্ম মহাসচিব আলাউদ্দিন, চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ার, জাতীয় শ্রমিক পার্টি ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।