ভারত থেকে অবৈধভাবে আসছে নিষিদ্ধ পলিথিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। দাম কম এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ভারত থেকে অবাধে আসা পলিথিন ব্যাগ বাজারে বিক্রি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পলিথিন চোরাকারবারি জানান, সীমান্তসংলগ্ন ভারতের গ্রামগুলো থেকে তাঁরা বিরামপুরের ঘাসুরিয়া, বাসুপাড়া, দাউদপুর, খিয়ারমাহমুদপুরে পলিথিন ব্যাগ নিয়ে আসেন।এসব পলিথিন ব্যাগ তাঁরা বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী, পার্বতীপুর, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। সৈয়দপুর, বগুড়াসহ দেশের অন্যান্য স্থানের ব্যবসায়ীরা বিরামপুর থেকে পলিথিন ব্যাগ কিনে নিয়ে যান। ভারত থেকে তাঁরা প্রতি কেজি পলিথিন ব্যাগ ১৭০ টাকা দরে কেনেন ও বিরামপুরে তা ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন। নাম প্রকাশ না করার শর্তে বিরামপুরের নতুন ও পুরাতন বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, দেশে তৈরি প্রতি কেজি পলিথিন ব্যাগ তাঁরা বিক্রি করেন ২৬০ টাকায়। ভারতে তৈরি পলিথিন ব্যাগ তাঁরা বিক্রি করেন ২৩০ থেকে ২৪০ টাকায়। সরেজমিনে দেখা গেছে, বিরামপুরের নতুন ও পুরাতন বাজার, কাটলা, কেটরা বাজারে প্রাকাশ্যে পলিথিন ব্যাগ বিক্রি হচ্ছে। কয়েকজন ব্যবসায়ী জানান, পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় বিরামপুরে দিন দিন পলিথিন ব্যাগের ব্যবসা বেড়েই চলেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখছানা বেগম জানান, বিষয়টি নিয়ে তিনি বিজিবির সঙ্গে কথা বলবেন। পলিথিন বিক্রেতাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালানো হবে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল হক সীমান্ত দিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ আসার কথা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ইতিমধ্যে বেশ কিছু পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই পলিথিন ব্যাগ না আসে, সে বিষয়ে বিজিবি সজাগ রয়েছে।