ভারত থেকে অবৈধভাবে আসছে মুরগির বাচ্চা
বৈধ পথে আমদানির সুযোগ থাকলেও চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধভাবে আসছে ভারতীয় মুরগির বাচ্চা। পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই আনা এসব মুরগির বাচ্চা থেকে বার্ড ফ্লুসহ বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের শুভপুর সীমান্তে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ২০ হাজার মুরগির বাচ্চা জব্দ করে বিজিবি। এর আগে ৬ সেপ্টেম্বর একই ইউনিয়নের অলিনগর সীমান্ত এলাকার ফেনী নদীর সোনাপুর ঘাট দিয়ে আসার সময় এক দিন বয়সের সাড়ে ১৪ হাজার মুরগির বাচ্চা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে অলীনগর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রফিকুল ইসলাম বলেন, এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কারা বাচ্চাগুলো নিয়ে আসছিল সে সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই। তিনি বলেন, স্থানীয়রা এ ব্যাপারে মুখ খুলতে সাহস পায় না। তাই চোরাকারবারিদের নাম জানা যায়নি।বিজিবি ১৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মোস্তফা কামাল পাশা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ক্ষমতাসীনদের কেউ জড়িত থাকার বিষয়ে তারা কিছু জানেন না। তিনি জানান, আগে আটক করা মুরগীর বাচ্চা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এরপর থেকে আটক করা হলে প্রথমে তা প্রাণিসম্পদ বিভাগ থেকে পরীক্ষা করে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের মিরসরাই শাখার সভাপতি মো. আলাউদ্দীন অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের নাম ভাঙিয়ে তাঁর ভাগ্নে পোলট্রি ব্যবসায়ী জাভেদ ইকবাল অবৈধভাবে ভারতীয় মুরগির বাচ্চা আনছেন। এ ব্যাপারে বহুবার অভিযোগ করা হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগের ব্যাপারে জাভেদ ইকবাল বলেন, তিনি এখন পোলট্রি ব্যবসার সঙ্গে জড়িত নন। ওই অবৈধ ব্যবসা তিনি ছেড়ে দিয়েছেন। তিনি দাবি করেন, তাঁর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।জাভেদ ইকবালের এই বক্তব্য সঠিক নয় দাবি করে জোরারগঞ্জ এলাকার পোলট্রি ব্যবসায়ী গিয়াস উদ্দীন সবুজ অভিযোগ করেন, জাভেদ ইকবাল সিন্ডিকেটের মাধ্যমে প্রায় প্রতিদিনই অবৈধপথে ভারতীয় মুরগির বাচ্চা নিয়ে আসছেন। গত ঈদুল ফিতরের কয়েক দিন আগে জাভেদের কাছ থেকে তিনি পাঁচ হাজার ভারতীয় মুরগির বাচ্চা কেনেন। ঈদের এক দিন আগে অজ্ঞাত রোগে প্রায় তিন হাজার বাচ্চা মারা যায়। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার মতো লোকসান হয়। তার পর থেকেই তিনি পোলট্রি খামার বন্ধ রেখেছেন।যোগাযোগ করা হলে সাংসদ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। জাভেদ তাঁর আত্মীয় স্বাীকার করে তিনি বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ কিছু করলে তাঁর কী করার আছে। পরে তিনি বলেন, এ বিষয়ে তিনি জাভেদকে জিজ্ঞাসা করবেন।সাংসদ মোশাররফ আরও বলেন, সরকার ভারতীয় মুরগির বাচ্চা বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছে। এই অনুমতি দিয়ে সরকার ঠিক করেনি। কারণ ভারতীয় বাচ্চা আমদানির ফলে দেশীয় হ্যাচারি মালিকেরা লোকসান গুনবে।‘নাহার এগ্রো’ নামের এক হ্যাচারির মালিক রাকিবুল হাসান বলেন, ভারত থেকে পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই অবৈধ পথে বাচ্চা আসায় দেশীয় পোলট্রি খামার ও হ্যাচারিগুলো হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।