ভারত থেকে আনা ২০টি কোচ সৈয়দপুর কারখানায়
লাল-সবুজ পতাকার রঙে ভারত থেকে আমদানি করা ২০টি যাত্রীবাহী রেল কোচের প্রথম চালান ২৩ মার্চ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে পৌঁছেছে। কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পরীক্ষা-নিরীক্ষার পর রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। পরে এগুলো বিভিন্ন রুটে চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, কোচগুলো সৈয়দপুর স্টেশনে এসে পৌঁছালে উৎসুক দর্শনার্থীরা ভিড় জমান। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মাদ হোসেন, ওয়ার্কস ম্যানেজার কুদরত-ই-খুদা এসব কোচ বুঝে নেন। এর আগে ২২ মার্চ ভারত থেকে আমদানি করা ১২০টি কোচের মধ্যে ২০টি কোচ দর্শনায় হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। আমদানি করা ২০টি কোচের মধ্যে তাপানুকূল (এসি) বাথ তিনটি, এসি চেয়ার ছয়টি, শোভন চেয়ার আটটি ও পাওয়ার কার রয়েছে তিনটি। রেলওয়ে কারখানার ১২ নম্বর ফটক দিয়ে এসব ভেতরে নেওয়া হয়। আমদানি করা এসব কোচ সিল্ক সিটি, ধূমকেতু, পদ্মা, চিত্রা ও সুন্দরবন আন্তনগর ট্রেনে সংযোজনের সম্ভাবনা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের রিকশাচালক গোলজার হোসেন (৬০) ভারত থেকে আমদানি করা কোচ দিয়ে এ অঞ্চলের ট্রেনগুলো চালানোর দাবি জানান। এ ছাড়া রেলওয়ে শ্রমিক লীগের সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন এসব কোচ নীলসাগর, একতা ও দ্রুতযানে সংযোজন করে ট্রেন চালানোর দাবি জানান। তাঁরা মনে করেন, এতে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএস নূর আহাম্মদ হোসেন গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোচগুলো আমরা গ্রহণ করেছি। এসব কোচ কারখানায় পর্যবেক্ষণ করে সার্টিফিকেট দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে ভারত থেকে প্রকৌশলী এসে এসব কোচ অধিকতর পর্যবেক্ষণ করবেন। এরপর তা ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।