ভারত থেকে আসা ৯০০ কেজি চিংড়ি জব্দ
এবার ভারত থেকে আসছে নিম্নমানের বাগদা চিংড়ি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত শনিবার ভারত থেকে ৯০০ কেজি বাগদা চিংড়ি বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে জব্দ করেন। জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, কয়েক দিন ধরে ভারত থেকে নিম্নমানের চিংড়ি চোরাই পথে বাংলাদেশে আসছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকসহ বিষয়টি সরকারি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়। সাতক্ষীরা বিজিবি ৩৮ ব্যাটালিয়নের প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কালামের নেতৃত্বে ৯০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। শনিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা থেকে এসব চিংড়ি জব্দ করেন। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চিংড়ি ফেলে চোরা কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় খোকন শেখ নামের একজনকে আসামি করে দেবহাটা থানায় মামলা করেছেন সুবেদার আবুল কালাম।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাছির জানান, জব্দকৃত চিংড়ি জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ, কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম হায়দার, দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণপদ পালের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।