ভারত থেকে একজন নদীর লাশ হয়ে ফেরা
ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু স্বামীর পরিবারের বাধায় ঘর করা হয়নি। এরপর ছাড়াছাড়ি। কাজের সন্ধানে ঢাকায় গিয়ে আবার বিয়ে করেও সংসার করা হয়নি। অবশেষে নারী পাচারকারীর খপ্পরে পড়ে ভারতে গিয়ে আটক, এরপর কারাদণ্ড। সেখানেই কারাগারে মৃত্যু এবং লাশ হয়ে বাড়ি ফেরা।হতভাগী ওই নারীর নাম নাদিয়া সুলতানা নদী (২১)। বাড়ি মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামে। তাঁর বাবার নাম ঈমানউদ্দিন শেখ। ভারত থেকে গত বৃহস্পতিবার রাতে বাড়িতে নিয়ে আসা হয় তাঁর মরদেহ। জানাজা শেষে রাতেই দাফন করা হয় লাশ।নদীর ভাই রবিউল ইসলাম জানান, দুই বছর আগে নদী ভালোবেসে বিয়ে করেছিলেন একই গ্রামের মুন্নু মোল্লাকে। কিন্তু স্বামীর অভিভাবকদের কারণে ঘর করা হয়নি তাঁর। এ নিয়ে মামলাও হয়েছে। পরে মুন্নুর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এ বছরের এপ্রিলে নদী ঢাকায় গিয়ে একটি গার্মেন্টসে কাজ নেন। সেখানেই পরিচয় হয় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বন্দিগাঁ গ্রামের সবুজ শেখের সঙ্গে। জুন মাসে তাঁরা বিয়ে করেন।রবিউল বলেন, ‘গত ২০ নভেম্বর নদী ফোনে আমাকে জানায়, সে এক বান্ধবীর সঙ্গে কিশোরগঞ্জে স্বামীর বাড়ি যাচ্ছে। এরপর আর নদীর সঙ্গে আমাদের যোগাযোগ হয়নি। গত ২৪ নভেম্বর ভারত থেকে আইনজীবী পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, নদী পশ্চিমবঙ্গের দমদম সেন্ট্রাল জেলে আটক আছে। এরপর গত ২৬ নভেম্বর রাতে মধুখালী থানার পুলিশ আমাদের জানায়, নদী জেলেই মারা গেছে।’বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর উদ্যোগে নদীর লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি গতকাল প্রথম আলোকে জানান, একটি সেমিনারে যোগ দিতে গত ২৫ নভেম্বর রাতে তিনি পশ্চিমবঙ্গে যান। পরদিন সেখানকার পত্রিকায় কারাগারে নদীর মৃত্যুর খবরটি পেয়ে লাশ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তিনি।সালমা আলী জানান, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হালদার চক চেতনা ওয়েলফেয়ার সোসাইটির কর্মী রত্না চক্রবর্তী জানিয়েছেন, গত ২৩ নভেম্বর গোবরডাঙ্গায় নদী কয়েকজন পুরুষের খপ্পরে পড়েন। তখন তিনি (রত্না) তাঁকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে বারাসাত আদালতে হাজির করে। অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে ১৪ দিনের কারাদণ্ড দিয়ে দমদম জেলে পাঠিয়ে দেন আদালত।দমদম জেলের তত্ত্বাবধায়ক দেবাশীষ পাল সালমা আলীকে জানান, ২৪ নভেম্বর নদীকে কারাগারে আনা হয়। ২৫ নভেম্বর সকালে কারাগারের বাথরুমে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ নীল রতন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।নদীর ভাই রবিউল বলেন, ‘স্বামীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে আমার বোনকে নারী পাচারকারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। পাচারকারীরাই অবৈধ পথে তাঁকে ভারতে নিয়ে যায়। এরপর সে আটক হয়। সম্ভবত নদী যখন বুঝতে পারে, সে পাচারকারী দলের খপ্পরে পড়েছে এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে দেহ ব্যবসায় নামানো হবে, তখনই সে আত্মহত্যার পথ বেছে নেয়।’