ভারত থেকে কয়লা আসা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে আমদানি বন্ধ থাকায় চাহিদার মৌসুমে কিশোরগঞ্জের ভৈরব মোকামে কয়লা নেই। একই কারণে দেশের অন্য মোকামগুলোও কয়লাশূন্য। কয়লার অভাবে জিগজ্যাগ ভাটাগুলো এখনো ইট পোড়ানো শুরু করতে পারেনি।
কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়ার স্বর্ণা এন্টারপ্রাইজের পরিচালক কুদ্দুস মিয়া বলেন, ‘কয়লা পেতে ভাটার মালিকেরা মোকামের দিকে তাকিয়ে আছেন। আর মোকামগুলোর দৃষ্টি আমাদের দিকে। আর আমরা ভারতের রপ্তানিকারকদের দিকে তাকিয়ে রয়েছি।’ কুদ্দুস মিয়া আরও বলেন, কিছুদিন আগেও রপ্তানিকারকেরা তাঁদের আশার কথা শুনিয়েছিলেন। এখন রপ্তানিকারকেরা কিছুই জানাতে পারছেন না।
কয়লা আমদানিকারক ও ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের শুরু থেকে মে মাস পর্যন্ত ইট পোড়ানোর মৌসুম। ইটের ভাটা ও রড তৈরির কারখানায় শুধু ভৈরব মোকাম থেকে বৃহত্তর সিলেটসহ দেশের প্রায় সব জেলায় প্রতিদিন গড়ে চার হাজার টন কয়লা সরবরাহ করা হয়। এর মধ্যে চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের জেলাগুলো এই ভৈরব মোকামের বড় বাজার। ভারতের মেঘালয় রাজ্য থেকে কয়লা তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও এবং বাগলি সীমান্ত পয়েন্ট দিয়ে নদীপথে ভৈরবে আনা হয়। এসব কয়লা যায় কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুর, ঢাকার গাবতলী, সিরাজগঞ্জের বাঘাবাড়ী এবং বরিশালের বিভিন্ন মোকামে। ছয় মাস আগে ভারতের পরিবেশবাদী সংগঠনের দায়ের করা একটি মামলার কারণে মেঘালয় দিয়ে বাংলাদেশে কয়লা আমদানি বন্ধ করে দেয় দেশটির সরকার। এর পর থেকে কয়লা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এদিকে বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ থাকায় সংকট আরও বেড়েছে।
ভৈরবের কয়লা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মজনু সওদাগর বলেন, শিগগিরই কয়লা পাওয়া না গেলে দেশের প্রায় ৮০ শতাংশ ভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে। সরকার যদি ইটভাটায় কাঠ পোড়ানোর অনুমতিও দেয়, তবু ইট উৎপাদনে সংকট দূর হবে না। সে ক্ষেত্রে ইটের দাম বর্তমান বাজারদরের চেয়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। এতে আবাসনশিল্প সংকটের মুখে পড়বে। নেতিবাচক প্রভাব পড়বে নির্মাণশিল্পের অন্যতম কাঁচামাল রড ও সিমেন্টের ক্ষেত্রেও।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এমএম ভাটার মালিক বাবু মিয়া বলেন, ‘ইট তৈরি করে বসে আছি। কয়লা নাই। কয়দিনের মধ্যে আগুন জ্বালাতে না পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।’
ভৈরবের বিবিসি ভাটার মালিক আজিজ মিয়া বলেন, ‘চলতি বর্ষায় ৪০ লাখ টাকার মাটি মুজত করেছিলাম। ওই অর্থের বেশির ভাগ ব্যাংকঋণ ও ধারদেনা করে সংগ্রহ করা। এ অবস্থায় আমার চোখে ঘুম নাই।’
ঠাকুরগাঁও জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেন বলেন, ‘ইট পোড়ানোর সময় এসে গেলেও কয়লার অভাবে আমার জেলার বেশির ভাগ ভাটায় আগুন জ্বালানো সম্ভব হয়নি। এতে মালিকেরা যেমন ক্ষতির সম্মুখীন, তেমনি প্রায় ১০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।’
যশোরের ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আ. মালেক জানান, তাঁদের জেলায় ভাটার সংখ্যা ১৭০। কয়লার সমস্যায় হাতে গোনা কয়েকটি ছাড়া বেশির ভাগ ভাটা ইট কেটে বসে আছে।
নারায়ণগঞ্জের ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহসভাপতি মুমিন খান বলেন, তাঁদের জেলায় প্রায় ২০০ ভাটার মালিক আগের বছরের মজুত করা কয়লা সংগ্রহ করা নিয়ে কাড়াকাড়ি করছেন। দামও বেশি।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মিজানুর রহমান বলেন, সময়মতো কয়লা না পাওয়ায় দেশের ইটভাটা খাতে দুর্যোগ নেমে এসেছে। সমস্যা সমাধানে শিল্পমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা চলছে। দ্রুত সমস্যা সমাধানে তিনি সরকারি উদ্যোগ কামনা করেছেন।