প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। এ সময় তাঁরা ভারত থেকে গ্যাস, বিদ্যুৎ আমদানিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান। খবর বাসস ও ইউএনবির। আবুল কালাম আজাদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ও হাইকমিশনার ভারতের শিলিগুড়ি থেকে রংপুর হয়ে গ্যাস আমদানি এবং সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়কে সংযুক্ত করে দ্বিতীয় বিদ্যুৎ গ্রিড নির্মাণের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে এ ছাড়াও দুই দেশের সীমান্তের ভূমি বিনিময়ে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির ভিত্তিতে ঢাকা-দিল্লির মধ্যে স্বাক্ষরিত সীমান্ত প্রটোকলের বাস্তবায়ন ও ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়।হাইকমিশনার এ সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঈদ শুভেচ্ছাবার্তাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। বার্তায় তাঁরা বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা ও মুদ্রাস্ফীতির হার কম হওয়ায় তাঁরা শেখ হাসিনার প্রশংসা করেন।