বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য ভারতের কাছ থেকে অবশ্যই ট্রানজিট মাশুল আদায় করা হবে। ওই মাশুল নির্ধারণের ব্যাপারে এখন কাজ চলছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সোমবার তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। ভারতের কাছ থেকে ট্রানজিট মাশুল আদায়-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দীপু মনি আরও বলেন, বিদ্যমান নৌবাণিজ্য ও ট্রানজিট প্রটোকলের বাইরে আর কোন কোন খাতে কী হারে মাশুল আদায় করা হবে, অর্থ মন্ত্রণালয় তা চূড়ান্ত করছে। ভারতের সঙ্গে আলোচনা করে দুই দেশের লাভের বিষয়টি বিবেচনা করে এটি চূড়ান্ত করা হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রানজিট ফি নির্ধারণের বিষয়ে এনবিআরের জারি করা পূর্বের বিধিমালা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ভারতকে ট্রানজিট সুবিধা দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্রানশিপমেন্ট ও ট্রানজিট মাশুল আদায়ের বিষয়ে একটি বিধিমালা জারি করে। বিধিমালাটি জারির পর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ভিন্নমতের কারণে ভারতের কাছ থেকে ট্রানজিট মাশুল আদায় নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। ভারত ট্রানজিট মাশুল প্রত্যাহার করতে সরকারকে চিঠি লেখে। তাতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার নির্দেশে এনবিআর সিদ্ধান্ত নেয়, আপাতত মাশুলের পরিবর্তে ব্যাংক গ্যারান্টি দিয়ে ভারতকে পণ্য ছাড় করতে হবে। সম্প্রতি ভারতীয় দুটি জাহাজ নৌপথে ট্রানজিট নিতে চাইলে মাশুল আদায় নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বিপত্তি বাধে। গত ২২ সেপ্টেম্বর কলকাতা থেকে নৌপথে দক্ষিণাঞ্চলের শেখবাড়িয়ায় গৌরীগঙ্গা ও কাবেরী নামে দুটি ভারতীয় পণ্যবাহী জাহাজ আসে। জাহাজ দুটিতে ৭৫০ মেট্রিক টন করে ফ্লাই অ্যাশ ছিল। বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন প্রক্রিয়া শুরু করতে গেলেই ট্রানজিট মাশুল আদায় নিয়ে জটিলতা তৈরি হয়।