ভারত থেকে দেশে ফিরেছে সমুদ্রজয়
ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নৌজেটিতে এসে পৌঁছায় জাহাজটি। নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জাহাজটির আগমন উপলক্ষে নৌজেটিতে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীবসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। গত ৩০ জানুয়ারি জাহাজটি ভারতের উদ্দেশে নৌজেটি ত্যাগ করেছিল।
২ থেকে ৮ ফেব্রুয়ারি সাত দিনব্যাপী ভারতের বিশাখাপট্টনমে অনুষ্ঠিত এই সমুদ্র মহড়ায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর ৫৪টি জাহাজ অংশ নেয়। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে এই সফরে নেতৃত্ব দেন কমোডর এস এম আবুল কালাম আজাদ। এ ছাড়া সমুদ্রজয়ের অধিনায়ক ক্যাপ্টেন আরিফ আহমেদ মোস্তফার অধীনে ৩৮ জন কর্মকর্তাসহ ২২৮ জন নৌসদস্য মহড়ায় অংশ নেন।
নৌবাহিনী জানায়, এই সমুদ্র মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরাজমান সম্পর্ক আরও উন্নত হবে। একই সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নেও এই সফর ভূমিকা রেখেছে।