ভারত থেকে নিয়ম মেনে গরু আনতে হবে: বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো বাংলাদেশি রাখাল অবৈধভাবে সীমান্তের জিরো লাইন অতিক্রম করলেই তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহা সামনে রেখে নিয়ম মেনে বৈধভাবে ভারত থেকে গরু আনতে হবে।

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান এসব কথা বলেন। গরু চোরাচালান দমন ও সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিট, খাটালের মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে বিজিবি।

মতিউর রহমান বলেন, গরুর আড়ালে মাদক কিংবা অস্ত্র চোরাচালান করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ফলে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। সরকার চায় সীমান্তে যেন আর কোনো হত্যাকাণ্ড না ঘটে। বিট (সীমান্ত পার হওয়ার পর গরু যেখান দিয়ে আসে), খাটালের (গরু আনার পর যেখানে রাখা হয়) মালিক বা চোরাচালানকারীরা সীমান্তপথে অবৈধভাবে গরু আনলে বিজিবি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল আবুল এহসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নবগঠিত ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোরশেদ, সদর উপজেলার বাখর আলী সীমান্তের গরুর বিট মালিক আমানুল্লাহ বিশ্বাস, শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের গরুর বিট মালিক তরিকুল ইসলাম প্রমুখ।