ভারত থেকে পচা গম আমদানির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নবাব অটো রাইস অ্যান্ড ফিড মিলস লিমিটেডের বিরুদ্ধে ভারত থেকে পচা গম আমদানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি ভারত থেকে আমদানি করা গমগুলো চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ভারতীয় রেল ওয়াগন থেকে নামানো হয়। পরে গত পাঁচ-ছয় দিন গমগুলো খালাস করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ জানান, এই পচা গম আটা তৈরিতে ব্যবহূত হলে স্বাস্থ্য-ঝুঁকি দেখা দিতে পারে। তাই বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত দেওয়া হয়েছে।
নবাব অটো রাইস অ্যান্ড ফিড মিলের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ভারত থেকে আসার পথে অনেক সময় বৃষ্টিতে গম ভিজে যায়। ৫৩ হাজার বস্তা গম আমদানি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৮০ বস্তা গম পচা পাওয়া গেছে। পচা গম মাছের খাদ্য হিসেবে ব্যবহূত হয়ে থাকে।