ভারত থেকে পাঠানো সালাহ উদ্দিনের ভিডিও বক্তব্য প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের একটি ভিডিও বক্তব্য গতকাল শনিবার কক্সবাজার জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রচার করা হয়েছে। শহরের কলাতলী এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই সভার শেষ দিকে প্রজেক্টরের মাধ্যমে আট মিনিটের ভিডিও বক্তব্যটি দেখানো হয়েছে।
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি।
সেখান থেকে তিনি স্বপ্ন দেখছেন, আওয়ামী সরকারের শিগগিরই পতন হবে।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমদ ‘নিখোঁজ’ হন। অবশ্য দুই মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাঁকে পাওয়া যায়। তখন সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, স্বেচ্ছায় নয়, চোখ ও
হাত বেঁধে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে তাঁকে শিলংয়ে আনা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতে মামলা চলছে।
সালাহ উদ্দিন আহমদের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। সেখান থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। এ ছাড়া যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
প্রতিনিধি সভায় সালাহ উদ্দিনের ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী প্রথম আলোকে বলেন, ভিডিও বক্তব্যটি গত শুক্রবার ভারতে ধারণ করা হয়। পরে ইন্টারনেটের মাধ্যমে তা কক্সবাজারের নেতাদের কাছে
পাঠান তিনি।
এদিকে প্রতিনিধি সভায় তৃণমূলের নেতারা বলেন, দলের কর্মীরা স্বার্থ বোঝেন না, বেইমানি করতে জানেন না। আন্দোলনের জন্য তাঁরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি না থাকায় কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে চাঙা করতে হবে। এ জন্য দরকার কেন্দ্রীয়ভাবে সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক করা।
সভায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবছার কামাল বলেন, রাজপথে দলকে চাঙা করতে হলে কেন্দ্র থেকে কর্মসূচি দিতে হবে।
কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, মিথ্যা মামলা মাথায় নিয়েও কেউ দলের বিপক্ষে যাননি। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মসূচি না থাকায় দলের নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মো. নাছিরউদ্দিন। তিনি বলেন, হতাশ হওয়ার কারণ নেই, শিগগিরই আশার আলো জ্বলে উঠবে। তিনি বলেন, আমেরিকার ট্রাম্প বা ভারতের মোদি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে না।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আরার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান। বক্তব্য দেন বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান, দলের সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান খোকন মিয়া প্রমুখ।
সাবেক সাংসদের বিক্ষোভ
এদিকে গতকাল বিকেলে শহরের লালদীঘির পাড়ের একটি আবাসিক হোটেলের সামনে নিজের অনুসারীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সাংসদ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি আট বছরের মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন নেতৃত্ব তৈরির দাবি জানান।