ভারত থেকে ফিরল ছয় বাংলাদেশি শিশু-কিশোর
বাংলাদেশি ছয় শিশু-কিশোরকে দীর্ঘ দুই বছর পর গতকাল রোববার হস্তান্তর করেছে ভারতীয় অভিবাসন পুলিশ। গত দুই বছর এ ছয় শিশু ভারতের ‘বালুরঘাট শুভায়ণ হোম’ নামের একটি আশ্রয়কেন্দ্রে ছিল। তাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধে৵।
দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় ছয় শিশুকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় অভিবাসন পুলিশের মাধ্যমে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ শিশুরা হলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তিন শিশু, নাগেশ্বরী থানার দুই এবং বান্দরবান জেলার আলী কদম থানার এক শিশু। শিশুদের হস্তান্তরের সময় সেখানে বিজিবি, বিএসএফ ছাড়াও মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিসহ ভারতের আশ্রয়কেন্দ্রের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসেন জানান, হেফাজতে থাকা এসব শিশু-কিশোর অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সেখানে সর্বনিম্ন ১০ এবং সর্বোচ্চ ২১ মাস আটক ছিল। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ (গতকাল) তাদের ফেরত দেওয়া হয়। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরও বলেন, ভারতের আরও ২-৩টি আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে ২০ থেকে ২৫ জন করে শিশু-কিশোর রয়েছে। বাংলাদেশ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ওই শিশুরা দেশে ফিরতে পারছে না।