ভারত থেকে ফেরা যাবে আরও ৩ স্থলবন্দর দিয়ে
ভারতে অবস্থানরত বাংলাদেশিরা আরও তিনটি স্থলবন্দর দিয়ে ফিরতে পারবে। আগামী ১৬ মে থেকে কুষ্টিয়ার দর্শনা, দিনাজপুরের হিলি ও রাজশাহীর সোনামুখি দিয়ে লোকজন ভারত থেকে দেশে ফিরতে পারবেন।
আজ বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির যথেষ্ট অবনতি হওয়ায় ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত দুই সপ্তাহ বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয়বারের মত সীমান্ত বন্ধের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
সীমান্ত বন্ধ থাকলেও বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে প্রবেশের সুবিধা ছিল। তবে ঈদের তিন দিনের ছুটিতে ভারত থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। এখন পর্যন্ত বেনাপোল দিয়ে ৩ হাজার ৭৭ জন এবং আখাউড়া দিয়ে প্রায় দেড়শ বাংলাদেশী দেশে ফিরেছেন। তবে বুড়িমারি দিয়ে খুব অল্প সংখ্যক বাংলাদেশী দেশে ফিরেছেন। যদিও এ সময় পণ্যবাহী যানবাহন আসা-যাওয়া করেছে।
মাশফি বিনতে শামস জানান, বেনাপোল দিয়ে প্রচুর বাংলাদেশী ফিরে আসায় আশপাশের জেলাগুলোতে তাদের কোয়ারেন্টিনে রাখা কঠিন হয়ে পড়ে। তাই নতুন তিনটি বন্দর দিয়ে বাংলাদেশিরা প্রবেশ করলে ওই জেলাগুলোতে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা সম্ভব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতীয় ভেরিয়েন্ট যাতে দেশে ছড়িয়ে না পড়ে তার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বাধ্যতামূলক ১৪দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।