ভারত থেকে বাংলাদেশিকে ছাড়িয়ে আনার উদ্যোগ
ভারতের কোচবিহার জেলে বিনা বিচারে ১০ বছর ধরে আটক কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর আশিক ইকবালকে (৩৬) ছাড়িয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।গত সোমবার প্রথম আলোয় ‘ছেলেটাকে দেখি মরবার চাই’ শিরোনামের একটি খবর প্রকাশিত হলে সমিতির সদস্যরা এ উদ্যোগ নেন। ইতিমধ্যে সমিতির পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গে খোঁজখবর নেওয়া হচ্ছে।কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আশিক ইকবাল। ২০০০ সালের ১১ ডিসেম্বর ৩১ জন বন্ধুসহ ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ বাজারে যাত্রা দেখতে যান আশিক। স্থানীয় লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁদের বিএসএফের কাছে ধরিয়ে দেওয়া হয়। পরে আশিক ছাড়া বাকি তরুণদের পতাকা বৈঠকের মাধ্যমে ছেড়ে দেয় বিএসএফ।জাতীয় মহিলা আইনজীবী সমিতির সত্যানুসন্ধান কর্মকর্তা সোহেল রানা আখন্দ প্রথম আলোকে বলেন, ‘সংবাদটি প্রকাশিত হওয়ার পর পরিচালক সালমা আলীর নজরে আসে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে আমাদের নির্দেশ দেন। এ ছাড়া এ ব্যাপারে পশ্চিমবঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। ’