ভারত থেকে বাড়ি ফেরা সেই মেয়ের ‘জবানবন্দি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার এক মাদ্রাসাছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের মুম্বাইয়ে পাচারের ২২ দিন পর গত সোমবার সে ফিরেছে। পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়েছে। মেয়েটি সেখানকার মর্মস্পর্শী ঘটনার বর্ণনা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কেশবপুর থানায় মেয়েটি সাংবাদিকদের জানায়, গত ২৯ অক্টোবর সকালে বাড়ি থেকে মধ্যকুল মহিলা দাখিল মাদ্রাসায় যায় সে। সেখানে হাবাসপোল গ্রামের নাজমুল হোসেন, বায়সা গ্রামের তরুণ রায় ও বুড়িহাটি গ্রামের রবিউল ইসলাম এসে জানায়, নাজমুলের সঙ্গে তার বিয়ে হবে। নাজমুলের সঙ্গে অনেক দিন ধরে প্রেম চলছিল তার। এ কারণেই সে তাদের সঙ্গে যায়। মাদ্রাসা থেকে বেরিয়ে যশোর-সাতক্ষীরা সড়কে এসে বাসে উঠে যশোর যায় তারা। এ সময় নাজমুল ওই বাসে ছিল না। নাজমুল না যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, নাজমুল পরে আসবে। যশোর বাস টার্মিনালে নামার পর তাকে ডিম-পরোটা খেতে দেওয়া হয়। এরপর আর সে কিছুই জানে না। জ্ঞান ফিরে সে দেখে মুম্বাইয়ের একটি বাসায়। সেখানে তার সঙ্গে আরও ১৫-২০ জন বাংলাদেশি মেয়ে ছিল। সেখানে তাকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। তাকে যৌনকর্ম করার জন্য মারপিটও করা হয়।বলে চলে মেয়েটি। এক বাঙালি মেয়ে তাকে জানায়, রবিউল তাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে। সেখানে যে মেয়েরা থাকত, তাদের জিনস প্যান্ট ও টি-শার্ট গায়ে দিয়ে সকালে নিয়ে যাওয়া হতো। রাতে তাদেরকে আবার ফিরিয়ে আনা হতো। তার কান্নাকাটি দেখে সেখানকার একটি মেয়ে তাকে মুঠোফোনে কথার বলার সুযোগ করে দেয়। সে বাড়িতে ফোন করে। মুম্বাইয়ে ওই মেয়েটির কারণে তার কোনো ক্ষতি করতে পারেনি কেউ। পারিবারিক সূত্রে জানা গেছে, মুঠোফোনে খবর জানতে পেরে তাঁরা মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকেন। মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের ইউনুস আলীর খোঁজ পান তাঁরা। ইউনুস আলী ১০-১২ বছর ধরে মুম্বাইয়ে বাস করছেন। ইউনুস মেয়েটির সন্ধান নিয়ে সেখানে গিয়ে বিক্রির টাকা দিয়ে ১৮ নভেম্বর তাকে মুক্ত করে আনেন। গত সোমবার রাতে মেয়েটিকে দেশে পাঠানো হয়। তাকে উদ্ধার করতে গিয়ে পরিবারের এক লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এই টাকা জোগাড় করতে মেয়েটির বাবা তাঁর শেষ সম্বল ভিটেবাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। মেয়েটির মা-বাবা থানায় বলেন, ‘সবকিছু হারিয়েও বুকের ধনকে ফিরে পেয়েছি এতেই আমরা খুশি।’মেয়েটি নিখোঁজের পর ৯ নভেম্বর প্রথম আলোতে ‘প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ৭ নভেম্বর কেশবপুর থানায় একটি মামলা করা হয়। মামলায় পুলিশ তরুণ রায়কে গ্রেপ্তার করে। তবে রবিউল ও নাজমুলকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য মেয়েটিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।