ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক খতিয়ে দেখতে দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের যুগ্ম ওয়ার্কিং গ্রুপ এবং স্টিয়ারিং কমিটির বৈঠক শেষ হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদ কায়কাউস বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা প্রকল্প থেকে বাংলাদেশ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে।

বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে দুই দেশই বছরে অন্তত দুবার বৈঠক করে। এবারের বৈঠক হয়েছে গতকাল শুক্রবার। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎসচিব মুনাওয়ার ইসলাম। ভারতের নেতৃত্বে ছিলেন সে দেশের বিদ্যুৎসচিব জে পি অরোরা।

আহমদ কায়কাউস বলেন, বাংলাদেশে প্রতিবছরই বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে। ২০২০ সালে তা বেড়ে হবে ২১ হাজার মেগাওয়াট। তিনি বলেন, বহরমপুর-ভেড়ামারা থেকে এখন বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। তিন বছরের মধ্যে এই এলাকা থেকেই আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত দেবে। এ জন্য বর্তমানে গ্রিড উন্নয়নের কাজ চলছে।

ভারতের বিদ্যুৎ মন্ত্রকের এক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে চাইছেন। সেই লক্ষ্যে ভারতও সহযোগিতার হাত বাড়িয়েছে। যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি নিয়েও আলোচনা চলছে। সুন্দরবনের বাগেরহাটে যে বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হচ্ছে, তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে পরিবেশের ওপর। সূত্রটি আরও জানায়, বাংলাদেশে বাগেরহাট নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। এ নিয়ে বিতর্কের অবসান হওয়া দরকার।