ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসার প্রক্রিয়া সম্পন্ন
ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সব কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ৪২২ মেগাওয়াট বিদ্যুৎ আনা হয়েছে। আজ থেকে আমদানি আরও বাড়বে।
বিদ্যুৎ আমদানির পরিচালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আলমগীর হোসেন প্রথম আলোকে বলেছেন, গতকাল ৪২২ মেগাওয়াট আমদানির মাধ্যমে সঞ্চালন লাইন, গ্রিড উপকেন্দ্রসহ সমস্ত কারিগরি দিক পরীক্ষা করা হয়েছে। আজ বুধবার ব্যবস্থাটির পূর্ণ ক্ষমতা পরীক্ষা করা হবে। এরপর চুক্তি অনুযায়ী বিদ্যুৎ আসবে।
চুক্তি অনুযায়ী ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে ভারতের সরকারি খাত থেকে। এই চুক্তি ২৫ বছরের। আর ২৫০ মেগাওয়াট আসবে বেসরকারি খাতের পাওয়ার ট্রেডিং করপোরেশনের মাধ্যমে। এই চুক্তি তিন বছরের। ভারতের প্রান্ত থেকে এই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইনে দেওয়া হবে। তবে বাংলাদেশের জাতীয় গ্রিডে পাওয়া যাবে ৪৭০ থেকে ৪৭৫ মেগাওয়াট।
এর কারণ হিসেবে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, সঞ্চালন লাইন, গ্রিড উপকেন্দ্রসহ সমগ্র ব্যবস্থাটির জন্য পদ্ধতিগত লোকসান হবে ৫ থেকে ৬ শতাংশ। এই লোকসান বহন করতে হবে বাংলাদেশকে। কারণ, দাম দিতে হবে ৫০০ মেগাওয়াটেরই।
সরকারি খাত থেকে আনা প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম পড়বে সাড়ে চার টাকা। এর সঙ্গে ৫০ পয়সার মতো সঞ্চালন খরচ (হুইলিং চার্জ) দিতে হবে। বেসরকারি খাত থেকে আনা প্রতি ইউনিটের দাম পড়বে ছয় টাকা ৩৪ পয়সা। এর সঙ্গে দিতে হবে সঞ্চালন খরচ।