ভারত নয়, অভিযোগ বিএসএফের অমিয়র বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের হত্যাকাণ্ডের জন্য ভারত নয়, দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান অমিয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ ফেলানীর বাবা নুর ইসলামের। তিনি ভারতের কোচবিহারে গতকাল সোমবার বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যা মামলার পুনঃবিচারে সাক্ষ্য দিতে গিয়ে এ কথা বলেছেন।

সাক্ষ্য দিয়ে গতকাল রাত আটটার দিকে ফেলানীর বাবাসহ তিন সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশে পৌঁছেছে। লালমনিরহাটের বুড়িমারী তল্লাশি চৌকি দিয়ে তাঁরা বাংলাদেশে আসেন।
পরে ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, ‘আমি আদালতে বলেছি, অনেক দিন ভারতের নিমক খেয়েছি। এই দেশের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ বিএসএফ জওয়ান অমিয় ঘোষের বিরুদ্ধে।’ তিনি জানান, এ সময় বিএসএফের সদস্য অমিয় আদালতে ছিলেন। ২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ী সীমান্তে কাঁটাতার পার হওয়ার সময় বিএসএফের জওয়ান অমিয় ঘোষের গুলিতেই ফেলানী নিহত হয় বলে তিনি অভিযোগ করেন।

ফেলানীর বাবা আরও বলেন, আদালত তাঁর কাছে জানতে চান, তিনি ও ফেলানীর মা ভারতে ছিলেন কি না। ভারত থেকে বাংলাদেশে আসার সময় ফেলানীকে গুলি করতে তিনি দেখেছিলেন কি না। এসব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন বলে দাবি করেন নুর ইসলাম। তিনি বলেন, ‘আমার চোখের সামনে ফেলানীকে গুলি করে হত্যা করে, তা–ও বলেছি।’ তিনি বিএসএফের সদস্য অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

তিন সদস্যের প্রতিনিধিদলে ফেলানীর বাবা ছাড়াও ছিলেন সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন ও কুড়িগ্রাম ৪৫ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম।

আব্রাহাম লিংকন জানান, আদালতের মূল জিজ্ঞাস্য ছিল, ওই এলাকায় সেদিন বেআইনি সমাবেশ ছিল কি না। কারণ, অমিয় ঘোষ তাঁর খুনের বৈধতা পাওয়ার জন্য বলেছেন, সেদিন ওই এলাকায় বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ করতে তিনি গুলি চালতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ফেলানীর বাবা আদালতকে জানিয়েছেন, সেদিন সেখানে তিনজনের বেশি কোনো লোক ছিল না।

এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত আসামির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিএসএফের গুলিতে প্রাণ হারায় কিশোরী ফেলানী। এ নিয়ে দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। ২০১৩ সালের ১৩ আগস্ট বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচারকাজ শুরু হয়। ৬ সেপ্টেম্বর বিএসএফের অভিযুক্ত সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন আদালত। পরে বিজিবি-বিএসএফের বৈঠকে ফেলানী হত্যার পুনঃবিচারের সিদ্ধান্তে এ বছরের ২২ সেপ্টেম্বর বিচারকাজ শুরু হয়।