ভারত প্রতিশ্রুতি পূরণ করবে, আশাবাদী মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে দেওয়া সব প্রতিশ্রুতি ভারত পূরণ করবে বলে আশাবাদী বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শুক্রবার কলকাতায় ইন্দো-বাংলা সিলেট উৎসবের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অর্থমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘সীমান্ত চুক্তি দেরি হওয়া নিয়ে আমি কোনো কথা বলব না। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে স্পষ্ট করেই বলেছেন, গত ইউপিএ সরকারের দেওয়া সব প্রতিশ্রুতিই তাঁর সরকার পালন করবে।’ এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, তিনি নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট নিয়েও প্রবল আশাবাদী।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, গত এক বছরে বাংলাদেশে হরতাল হয়নি। সব ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থা বজায় রয়েছে। আর বিএনপির আন্দোলন সম্পর্কে তাঁর মন্তব্য, বিএনপির নেত্রী অনেকবারই আন্দোলনের ঘোষণা দিয়েও তা বাস্তবায়ন করতে পারেননি।
অর্থমন্ত্রী কলকাতায় এসেছেন সিলেট উৎসবে যোগ দিতে। সিলেট উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, একজন সিলেটি হিসেবে এই অনুষ্ঠানে আসতে পেরে তিনি গর্ব অনুভব করেন।