ভারত প্রত্যাগত পাহাড়ি শরণার্থীদের মামলা প্রত্যাহার ও ঋণ মওকুফের কার্যক্রম নতুন করে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পরিবারের তালিকা তৈরির ফরম্যাটে কিছু বিষয়ে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সভায় ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সরকারের সঙ্গে শরণার্থীদের ২০ দফা চুক্তির মধ্যে ঋণ মওকুফ ও মামলা প্রত্যাহারের শর্ত থাকলেও তা করা হয়নি। তাই শরণার্থীদের সব সময় হয়রানির আশঙ্কায় থাকতে হচ্ছে। অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে মারাও গেছেন। জায়গা-জমি ও বাগান-ভিটা ফেরত না পাওয়া শরণার্থী পরিবারগুলোকে নিজস্ব ভিটায় পুনর্বাসনেও কোনো উদ্যোগ নেই।
অপর দিকে অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবার চিহ্নিত করার জন্য তৈরি ফরম্যাটে কিছু ত্রুটি থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই ফরম্যাটটির কিছু অংশ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শরণার্থীদের কতজনের মামলা প্রত্যাহার ও ঋণ মওকুফ করা হয়েছে, না হলে কেন হয়নি তা জানানোর জন্য তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকদের তাগাদা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভায় এক বছরেরও বেশি সময় পর টাস্কফোর্সের সভা হওয়ার বিষয়ে জনসংহতি সমিতি ও ভারত্য প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে সমস্যা সমাধানে নিয়মিত সভা অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করা হয়। টাস্কফোর্সের সর্বশেষ সভা হয়েছিল ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর।
সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘টাস্কফোর্সের কার্যক্রম কীভাবে গতিশীল করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ ভূমি সমস্যা সমাধান ছাড়া টাস্কফোর্সের কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করে বলেন, ‘ভূমি কমিশন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি কমিশনের আইনও দ্রুত সংশোধন এবং ভূমি সমস্যার সমাধান হবে।’ এখন থেকে প্রতি তিন মাসে কমপক্ষে একবার করে সভা হবে বলে তিনি জানান।
ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বলেন, ‘টাস্কফোর্সের নিয়মিত সভা না হওয়া হতাশাজনক। এ ব্যাপারে আমরা আমাদের ক্ষোভ জানিয়েছি। ভূমি সমস্যা সমাধান এবং শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন ছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান সম্ভব নয়। তাই আমরা ভূমি সমস্যা সমাধানে দ্রুত কমিশন আইন সংশোধন করার কথা বলেছি।’
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, টাস্কফোর্সের সদস্যসচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও চাইয়োই অং মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদ আমিন, টাস্কফোর্সের সদস্য মো. শফি, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি প্রতিনিধি।