ভারত-বাংলাদেশ একে অপরের পরিপূরক: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ভারত ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। কেউ কাউকে বাদ দিয়ে চলার মতো পরিস্থিতি নেই। দুই হাজার কিলোমিটার সীমান্তজুড়ে আমাদের চারপাশে ভারত। কিন্তু এই সীমান্ত আমাদের তৈরি করা। আগে আমরা একসঙ্গে ছিলাম, বসবাস করেছি, পড়ালেখা করেছি।’

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মিলনায়তনে আজ সোমবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটেক) প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর) দিবস উদ্‌যাপন উপলক্ষে ভারতীয় দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে প্রায় ৫০০ সাবেক আইটেক ও আইসিসিআর গ্র্যাজুয়েট অংশ নেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘২০৪০ সালের মধ্যে আমরা জিডিপিতে বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথম ২০টি দেশের তালিকায় আসব। দেশের অর্থনীতিকে আমরা বিকশিত করে উন্নত দেশের অবস্থানে যাব। এটা আমাদের বিশ্বাস করা শুরু করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ২০৩০ সালে এ দেশে আর কেউ দরিদ্র থাকবে না। কেউ না খেয়ে তখন ঘুমাতে যাবে না। এখনো না খেয়ে কেউ ঘুমাতে যায় না। তারপরও আমরা বিজয়ী হবই হব। ২০৩০ সাল নাগাদ আমরা দেশকে ক্ষুধার্তমুক্ত ও দরিদ্রমুক্ত করব।’


বিকেলে অনুষ্ঠান শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করে সুরের ধারা গানের দল। এরপর স্বাগত বক্তব্যে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (শিক্ষা) জিষ্ণু প্রসন্ন মুখার্জি বলেন, আইসিসিআর বৃত্তি আর আইটেক কর্মসূচি বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এটা শুধু জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি নয়, এটা অমূল্যবান এক মাধ্যম, যাতে দুই দেশের তরুণেরা যুক্ত হচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এক চমৎকার সম্পর্ক বিরাজ করছে—এমনটা উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্য ইন্ডিয়া আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। ভালো প্রতিবেশী দেশ হিসেবে আমরা একে অন্যের পাশে থাকব। আইসিসিআর গ্র্যাজুয়েটরা এই দুই দেশের মধ্য একটা সেতুবন্ধ।’

২০০৭ সাল থেকে ভারত সরকারের আইটেক কর্মসূচির আওতায় ২ হাজার ৬০০-এর বেশি তরুণ বাংলাদেশি পেশাজীবী বিভিন্ন ক্ষেত্রে—হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, এসএমই, গ্রামীণ উন্নয়ন ও সংসদ বিষয়াবলি নিয়ে স্বল্প ও মাঝারি প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া ১৯৭২ সাল থেকে আইসিসিআর শিক্ষাবৃত্তির মাধ্যমে তিন হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভারতে অধ্যয়ন করেছেন।

মন্ত্রীর বক্তব্য শেষে আইসিসিআর শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও মনিরা ইসলাম পাপ্পু। এরপর পূজা সেনগুপ্ত ও তাঁর দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার ‘অনামিকা সাগরকন্যা’ নৃত্যনাট্য মঞ্চস্থ করে।