ভারত-বাংলাদেশ গ্যাস পাইপলাইন প্রক্রিয়াধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে দুই দেশের মধ্যে তেল ও গ্যাস পাইপলাইন সংযোগ স্থাপনের পরিকল্পনা করছে ভারত। পশ্চিমবঙ্গে গত রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি জানিয়েছেন দেশটির জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী বলেন, তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে তেল ও গ্যাস সরবরাহ করতে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (পিএনজিআরবি) এরই মধ্যে পশ্চিমবঙ্গের কোনতাই থেকে হলদিয়া হয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দত্তফুলিয়া পর্যন্ত পাইপলাইন স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে।
ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, ‘শিলিগুড়ি দিয়ে এই পাইপলাইন আবার ভারতে নিয়ে আসার ব্যাপারেও বাংলাদেশি বন্ধুদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’ আসামের নুমালিগড় পরিশোধনাগার থেকেও বাংলাদেশে পাইপলাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে ভারতের। এখান থেকে বর্তমানে ডিজেল সরবরাহ পাচ্ছে বাংলাদেশ।
এর আগে ভারতের তেল ও গ্যাস করপোরেশনের (ওএনজিসি) নির্বাহী পরিচালক এস সি সোনি গত শনিবার বলেন, এই পাইপলাইনের মাধ্যমে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারকে এক সুতোয় গাঁথা হবে। এর দৈর্ঘ্য হবে ৬ হাজার ৯০০ কিলোমিটার। তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর জন্য সরকারের হাইড্রোকার্বন ভিশন-২০৩০-এর অংশ হিসেবে এই পাইপলাইন স্থাপিত হবে। এটি মিয়ানমারের সিতউই, বাংলাদেশের চট্টগ্রাম, ভারতের একেবারে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো, শিলিগুড়ি এবং দুর্গাপুরকে সংযুক্ত করবে।
এস সি সোনি আরও বলেন, চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ভারতীয় তেল করপোরেশন (আইওসি) বন্দরনগরী চট্টগ্রামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টার্মিনাল স্থাপনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত একটি পাইপলাইন স্থাপনে আসামের নুমিলগড় পরিশোধন লিমিটেড (এনআরএল) ও বিপিসি আরও একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বাংলাদেশে হাইস্পিড ডিজেল (এইচএসডি) সরবরাহ করবে ভারত।