ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাকা যা বলেন...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারত লাভবান হয়েছে। তাঁর এই সফরের মাধ্যমে ভারত প্রমাণ করল, আসলে তারা চাণক্য। ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দর ব্যবহারের চুক্তি করে চট্টগ্রাম ও দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা হয়েছে। ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়া হবে না বলেও তিনি হুমকি দেন। ভারত-বাংলাদেশ সম্পর্ককে শিয়াল-মুরগির সম্পর্কের সঙ্গে তুলনা করে সাকা চৌধুরী বলেন, ‘শিয়ালের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে লাভ কী? মুরগি যত তাজা হোক, শিয়াল তো আমাদের খাবে। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। তার অর্থ এই নয় যে, আমাদের অভ্যন্তরীণ সমস্যা রপ্তানি করতে হবে, আবার ভারতের অভ্যন্তরীণ সমস্যা আমদানি করতে হবে।’গতকাল শুক্রবার দুপুরে সাকা চৌধুরী চট্টগ্রামের গুডস হিলের বাসভবনে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (আজ) প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বক্তব্য দেবেন। আর আমি চট্টগ্রামের স্বার্থ নিয়ে কথা বলছি।’