ভারত-বাংলাদেশ সম্পর্কে সমস্যা হবে না: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘ভারতে সরকার পরিবর্তনে সে দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো সমস্যা হবে না। বরং আগের চেয়ে আরও ভালো করার চেষ্টা করা হবে।’
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।
জেলা প্রশাসক দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার, জেলার পুলিশ সুপার রশীদুল হাসান, বর্ডার গার্ড বাংলাদেশ-৬ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ ছাড়া সহকারী কমিশনার রেজা হাসান জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিস্থিতি নিয়ে একটি ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করেন। 
সভায় গওহর রিজভী জোর দিয়ে বলেন, ‘ভারতে নতুন সরকার এলেও সে দেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয় না এবং হবে না। ’
উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য ও দাবির পরিপ্রেক্ষিতে গওহর রিজভী জানান, চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারতের সঙ্গে চলাচলকারী মৈত্রী ট্রেনের যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও দুটি করে বগি সংযোজন করা হবে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালুর পাশাপাশি দর্শনায় যাত্রী ওঠানামার সুযোগ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তিনি বলেন, যাত্রাপথে ট্রেনের ভেতরই ইমিগ্রেশন ও কাস্টমস তদারকি সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে করে যাত্রীদের যাত্রার সময় তিন থেকে চার ঘণ্টা সাশ্রয় হবে।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর ও রেলস্টেশন, শুল্কবন্দর, কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করেন। এ সময় তিনি এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।