মুক্ত নদী-নীতির ভিত্তিতে একটি আঞ্চলিক নদী ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে ভারত ও বাংলাদেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।বাপার আয়োজনে ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার নদী ও অন্যান্য পরিবেশগত সমস্যা: দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা প্রয়াস’ শীর্ষক সভায় এ আহ্বান জানানো হয়। সংগঠনটির সেমিনার কক্ষে গতকাল শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, প্রয়োজনীয় তথ্য ও গবেষণা এবং সরকারের নীতিনির্ধারণী মহল ও রাজনীতিকদের মধ্যে সমন্বয় না থাকায় ভারতের সঙ্গে অমীমাংসিত পরিবেশগত সমস্যা নিয়ে কার্যকর সংলাপ অনুষ্ঠান ও এর সমাধান হচ্ছে না। রাষ্ট্রীয় কর্মকাণ্ড শুধু কিছু আলোচনা ও চুক্তির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু প্রয়োজন সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান। বেঁচে থাকার প্রয়োজনেই নদী-পানি-জমি-বনসহ পরিবেশগত বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন পরিবেশগত সমস্যা সমাধানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলেন। সভায় গঙ্গা নদীর ওপর নির্মিত ভারতীয় ফারাক্কা বাঁধ ও তিস্তা নদীর ওপর নির্মিত ভারতের গজালডোবা ও বাংলাদেশের তিস্তা বাঁধ অপসারণ, টিপাইমুখ বাঁধ পরিকল্পনা বাতিল, ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ ও বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বন্ধ এবং ভারতীয় আন্তনদীসংযোগ প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ, প্রকৌশলী ম ইনামুল হক, ভূতত্ত্ববিদ ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ সভায় বক্তব্য দেন।বুড়িগঙ্গা চ্যানেল দখলমুক্ত করার দাবি: রাজধানীর পরিবেশ রক্ষায় বুড়িগঙ্গার দ্বিতীয় চ্যানেল দখলমুক্ত করার দাবি করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। গতকাল নবাবগঞ্জ বালুঘাট বেড়িবাঁধের ওপর পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে অংশ নেয় পুরান ঢাকার কয়েকটি সংগঠন।বক্তারা বলেন, বুড়িগঙ্গা দ্বিতীয় চ্যানেলের গাবতলী পর্যন্ত অন্তত ১০টি স্লুইসগেট থাকলেও সব কটি চ্যানেলের মুখ বন্ধ রয়েছে। তা দিয়ে পানি নিষ্কাশিত হয় না। যে নালাগুলো বেয়ে পানি স্লুইসগেটে আসত, সেগুলোও ভরাট হয়ে গেছে। সোয়ারীঘাট থেকে গাবতলীর দিকে বেড়িবাঁধের দুই পাশে তাকালেই দেখা যাবে নদী-খাল দখলের মহোৎসব। তারা অভিযোগ করেন, নদী, জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ থাকলেও প্রশাসনের চোখের সামনেই বুড়িগঙ্গার দ্বিতীয় চ্যানেল ও বেড়িবাঁধের উভয় পাশের খাল ভরাট করা হচ্ছে।সমাবেশে পরিবেশবাদী সংগঠনগুলোর নেতা হাফিজুর রহমান, আবুল হাসনাত, রিয়াজ উদ্দিন, গোলাম মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।