ভারত বাংলাদেশে 'শুভেচ্ছাস্বরূপ' ডিজেল সরবরাহ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ‘শুভেচ্ছাস্বরূপ’ বাংলাদেশে ২ হাজার ২০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ করছে। আগামীকাল শনিবার এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছাবে। বিপিসির প্রস্তাবিত শুভেচ্ছামূল্যে এনআরএল এই ডিজেলের প্রথম চালানটি সরবরাহ করছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসসম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের উদ্দেশে ২ হাজার ২০০ মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল) বহনকারী একটি ট্রেন উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা কাল শনিবার পার্বতীপুরে চালানটি গ্রহণ করবেন। এটি জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে সহায়তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির বাংলাদেশ সফরকালে গৃহীত যৌথ ঘোষণায় (‘নতুন প্রজন্ম, নয়া দিশা’) বর্ণিত ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি যৌথ উদ্যোগ কোম্পানির মাধ্যমে নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) শিলিগুড়ি বিপণন টার্মিনাল (পশ্চিমবঙ্গ) থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পার্বতীপুর জ্বালানি পণ্য সংরক্ষণাগার পর্যন্ত ১৩০ কিলোমিটার ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফএল)’ স্থাপন প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। তাতে উভয় কোম্পানি স্বতন্ত্রভাবে প্রকল্পটি বাস্তবায়নে অংশগ্রহণ করবে বলে ওই এমওইউতে বলা রয়েছে।