
ভারতবর্ষ ও পরে বাংলাদেশের স্বাধীনতায় চট্টগ্রামের ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রেডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রণব মুখার্জি এ মন্তব্য করেন। চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় এই সুধী সমাবেশের আয়োজন করে।
ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে অনেকবার এসেছি। কিন্তু চট্টগ্রামে আসার সুযোগ হয়নি। অথচ চট্টগ্রাম না দেখলে বাংলাদেশে আসা সম্পন্ন হয় না। তিনি বলেন, ‘আমি যখন স্কুলে পড়তাম তখন ভারতবর্ষ স্বাধীন হয়। আজকের বাংলাদেশ তখন ভৌগোলিক অর্থে পূর্ববাংলা। আমরা যে ভূগোল পড়তাম সেখানে অখণ্ড ভারত তো ছিলই, পাশাপাশি ব্রিটিশ শাসনের অনেক অঞ্চল ছিল। যেগুলো আজ সবই স্বতন্ত্র রাষ্ট্র। তারপর গত ৭০ বছর ধরে চোখের সামনেই এই পরিবর্তন হয়েছে।’
প্রণব মুখার্জি বলেন, ‘যে কারণে বলছিলাম চট্টগ্রাম না আসলে বাংলাদেশ আসা সার্থক হয় না, তার অন্যতম কারণ হলো এটি যে দেশের একটি প্রধান বন্দর শুধু তাই নয়। অবিভক্ত ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের মানুষের একটি বিপুল ভূমিকা ছিল ঠিক তেমনি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রেও চট্টগ্রামের ভূমিকা কোনো অংশে কম নয়। সারা পৃথিবীর মানুষের কাছে স্বাধীন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। মুজিবুর রহমানের ঘোষণা ও তাঁর গ্রেপ্তার হওয়ার ঠিক আগ মুহূর্তে পৃথিবীর মানুষের কাছে নজরে এনেছিল বেতার কেন্দ্রের কর্মীরা।’
ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি মনে করি এ উপমহাদেশে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য রাজনৈতিক স্তরে, প্রশাসনিক স্তরে আলাপ আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান হবেই। কিন্তু মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভাষার একটা বিশেষ ভূমিকা আছে। সংস্কৃতির একটা বিশেষ ভূমিকা আছে। আমরা এক একটি রাষ্ট্রের অধিবাসী। একেক ভাষায় কথা বলি। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি বড় পরিচয় আমরা মানুষ। আমাদের এক কবি প্রায় ৫০০ বছর আগে বলে গেছেন, ‘শুনো হে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই।’ এই যে বিশ্বজনীনতা, আমাকে বাদ দিয়ে বিশ্ব নয়, যত ক্ষুদ্র হই না কেন। সেটই কিন্তু আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সংস্কৃতি ও আমাদের ঐতিহ্যকে উন্নতির পথে নিয়ে যাবে।’
প্রণব মুখার্জি আরও বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব বেশি দিনের নয়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এর ৫৫ বছরের ইতিহাসে ব্যাপক প্রসার ঘটেছে। শুধু উপমহাদেশে নয়, দক্ষিণ এশিয়াতে এটি একটি বড় বিশ্ববিদ্যালয় বলে গণ্য। গুণগত মানের জন্য এ বিশ্ববিদ্যালয় খ্যাতি লাভ করেছে। আমাদের দেশ থেকেও অনেক শিক্ষার্থী মেডিকেল ফ্যাকাল্টিতে পড়তে আসছে।’
সুধী সমাবেশে প্রণব মুখার্জিকে নগরের চাবি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রণব মুখার্জি প্রীতিলতা ট্রাস্টকে ৬ লাখ ২৮ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় ট্রাস্টের উপদেষ্টামণ্ডলীর সভাপতি পঙ্কজ চক্রবর্তী, সদস্য ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও সদস্য তাপস হোড় উপস্থিত ছিলেন।
সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জির সঞ্চালনায় সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, রাজনীতিক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।