ভারত বিরোধিতাকে পুঁজি করে আন্দোলনের ক্ষেত্রে বিরোধী দল জনগণের সমর্থন পাবে না বলে মনে করে আওয়ামী লীগ। এ অস্ত্র পুরোনো ও মরচে ধরা বলে মন্তব্য করেন দলীয় নেতারা। বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য এবং আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে তাত্ক্ষণিক এ মন্তব্য করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভারত সফর এবং সে দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নিয়ে গত শনিবার সংবাদ সম্মেলন করেন। তিনি বিরোধী দলকে বাইরে বক্তব্য না দিয়ে সংসদে এসে চুক্তি নিয়ে যত খুশি কথা বলার আহ্বান জানান।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে করা চুক্তির বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেন।আওয়ামী লীগের সূত্র জানায়, খালেদা জিয়ার বক্তব্যের জবাব আজ সোমবার বিকেল তিনটায় ধানমন্ডির কার্যালয়ে দলীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া হবে। দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়ার বক্তব্যের জবাব দেবেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিএনপি প্রধানের বক্তব্যের জবাব দলীয়ভাবে দেওয়া হবে। দলের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরবেন। খালেদা জিয়ার বক্তব্য ও আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। ভারত বিরোধিতাকে ইস্যু করে আর জনগণের সমর্থন পাওয়া যাবে না। মরচে পড়া ও অকার্যকর অস্ত্র দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। কারণ, এ চুক্তি জনগণের স্বার্থে করা হয়েছে।