ভারত ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে: শ্রিংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এ দুই দেশ একে অপরের শান্তিপূর্ণ অবস্থান কামনা করে। যে কারণে ভারত সব সময় বাংলাদেশের পাশেই থাকে। ভবিষ্যতেও থাকবে।
রংপুর শহরের মাহিগঞ্জে রোববার সন্ধ্যার পর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রামকৃষ্ণ আশ্রম মানুষের কল্যাণে কাজ করে থাকে। বাংলাদেশে ৪০টি রামকৃষ্ণ আশ্রম রয়েছে। ভারতীয় হাইকমিশন সব রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে সম্পর্ক রেখে চলে। অন্যান্য রামকৃষ্ণ আশ্রমের মতো মাহিগঞ্জ আশ্রমের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে দাতব্য চিকিৎসালয়, মেডিকেল সেন্টার এবং ছাত্রাবাস নির্মাণে ১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা অনুদানের চেক আশ্রমের অধ্যক্ষের কাছে হস্তান্তর করেন।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যতানন্দ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশন রাজশাহীর সহকারী কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।
এর আগে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।