ভারত, যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশ নিরাপদ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, উন্নত বিশ্বে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, সে বিবেচনায় বাংলাদেশ অনেক নিরাপদ। এমনকি ভারত বা যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক ভালো। যে কারণে সারা বিশ্বে নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৩৫তম। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জে আইনশৃঙ্খলা-সংক্রান্ত জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সিআইডি সদর দপ্তরে আধুনিক ল্যাব তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্যও আধুনিক ল্যাব বসানো হচ্ছে। এ ছাড়া শিগগিরই দেশে ৫০ হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়ায় ইতিমধ্যে ১৩ হাজার নিয়োগ সম্পন্ন হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে চা-শ্রমিকদের অসন্তোষ বিষয়ে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধান কেবল এলাকার মানুষকেই করতে হবে। এ অর্থনৈতিক অঞ্চল গঠিত হলে এ এলাকার কী উন্নয়ন ঘটবে, তা স্থানীয় মানুষকে বোঝাতে হবে।