
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত কোনো ধরনের শর্ত ছাড়াই বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানিয়ে আরও বলেন, ‘আমরা আমাদের মতো করে যেভাবে চাই, সেভাবে এই অর্থ ব্যয় করতে পারব। কোনো শর্ত মেনে বাংলাদেশ কিছু নেয় না। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবে কাজ করার সুযোগ রেখেই বন্ধুত্বপূর্ণভাবে এই অর্থ গ্রহণ করা হয়েছে।’
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
সরকারি দলের এস এম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারতের আইনসভায় সীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় ৬৮ বছরের সমস্যার সমাধান হয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক সাফল্য। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৬০ একর। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের আয়তন ৭ হাজার ১১০ একর। চুক্তি অনুযায়ী যে ছিটমহল যে দেশের অভ্যন্তরে আছে, সেই দেশ ওই ছিটমহলের মালিক হবে। এই বিনিময়ের ফলে ছিটমহলবাসীর মানবিক সমস্যার সমাধান হবে। এ ছাড়া ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে।
মোস্তফা রশিদীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তিকে অনেকে দেশ বেচা, গোলামির ও দাসত্বের চুক্তি বলে মানুষকে বিভ্রান্ত করেছিল। তারাই এখন এই চুক্তিকে সাধুবাদ জানাচ্ছে। এটি আসলে এদের রাজনৈতিক চরিত্র। আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি করেছে। বিরোধীরা বলেছিলেন, এই পানিতে মাছ পাওয়া যাবে না। অজুও করা যাবে না। তখন আমি বলেছিলাম, আপনাদের নেত্রীকে পানিতে নামান। দেখেন, সেখানে কোমরপানি না হাঁটুপানি। আমার এ কথায় তাঁরা খেপেও গিয়েছিলেন।’
স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের প্রাণহানি ছাড়া ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। সব সিটির নির্বাচনে বিএনপির চেয়ারপারসন নেতা-কর্মীদের নিয়ে তাঁদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এ সময় কোনো ধরনের সহিংসতা ঘটেনি। ঢাকার দুই সিটির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি পরিকল্পিতভাবে ভোট গ্রহণের দিন মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এ কাজ করেছে।
জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি খাতে ৪ হাজার ৫১৫ মেগাওয়াট ক্ষমতার ১৬টি এবং বেসরকারি খাতে ২ হাজার ২৪৯ মেগাওয়াট ক্ষমতার ১২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। সরকারি খাতে ১ হাজার ৬১৬ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি এবং বেসরকারি খাতে ৩ হাজার ১৮৩ মেগাওয়াট ক্ষমতার ১২টি বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া সরকারি খাতে আরও ৭ হাজার ৮৫ মেগাওয়াট ক্ষমতার আটটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে।
তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ব্যবহারের মাধ্যমে করা যায় কি না, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। এটি করতে হলে আইন সংশোধন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’